‘হাল না ছাড়ার মানসিকতা থেকেই সফলতা আসে’

আইডিএলসি-প্রথম আলো আয়োজিত ‘যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠক
ছবি: বন্ধুসভা

‘স্বপ্ন থেকেই শুরু হয় মহাকর্মযজ্ঞের যাত্রা। এগিয়ে যাওয়ার পথ কখনো মধুর, আবার কখনো বন্ধুর। হাল না ছাড়ার মানসিকতা থেকেই সফলতা আসে। আইডিএলসি ও প্রথম আলোর এসএমই পুরস্কারের উদ্যোগ উদ্যোক্তাদের অনুপ্রাণিত করবে।’ ১৬ সেপ্টেম্বর যশোর শহরের কালেক্টরেট স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত আইডিএলসি-প্রথম আলো আয়োজিত ‘যশোর আঞ্চলিক উদ্যোক্তা বৈঠক’–এ বক্তাদের আলোচনায় এসব কথা উঠে এসেছে।

বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠান শুরু হয়। স্বাগত বক্তব্যে প্রথম আলোর যশোর প্রতিনিধি মনিরুল ইসলাম বলেন, আইডিএলসি-প্রথম আলো দ্বিতীয়বারের মতো এসএমই পুরস্কারের আয়োজন করছে। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, তথ্যপ্রযুক্তি, উৎপাদন শিল্প ও সেরা নারী উদ্যোক্তা—এ ছয় ক্যাটাগরিতে এবার পুরস্কার দেওয়া হবে।

এরপর গতবারের আয়োজনের জার্নি শীর্ষক একটি ভিডিও চিত্র এবং এ বছরের প্রতিযোগিতার একটি ওভিসি দেখানো হয়। অনুষ্ঠানে উদ্যোক্তা হয়ে ওঠার গল্প শোনান শিশুদের বিশেষ ধরনের বিদ্যাপীঠ মৌমাছি স্কুলের প্রতিষ্ঠাতা মাসুম বিল্লাহ, মশার কয়েলের কাঁচামাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান আনাজ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খাদিজা ইসলাম, শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক যশোরের আইটি উদ্যোক্তা জহির ইকবাল ও নারী উদ্যোক্তা মুসলিমা খাতুন।

গান পরিবেশন করেন যশোর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী
ছবি: বন্ধুসভা

স্থানীয় ব্যবসায়ী প্রতিনিধি ও সুধীজন পর্বে চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, যশোর নারী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তনুজা রহমান ও যশোর বিসিক শিল্পনগরীর রেসকো ব্রেড অ্যান্ড বিস্কুট ফ্যাক্টরির ব্যবস্থাপনা পরিচালক তানভিরুল ইসলাম বক্তব্য দেন।
আইডিএলসি-প্রথম আলোর এসএমই পুরস্কার উদ্যোগ প্রসঙ্গে আরও বক্তব্য দেন আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড যশোর শাখার ব্যবস্থাপক সাঈদ আহমদ। আলোচনা শেষে নিবন্ধনের প্রক্রিয়া সম্পর্কে জানাতে একটি ভিডিও প্রদর্শনের পর উপস্থিত সবার হাতে মনোনয়ন ফর্ম তুলে দেওয়া হয়। একই সঙ্গে প্রশ্নোত্তর পর্বও অনুষ্ঠিত হয়। এ পর্বে এসএমই পুরস্কার বিষয়ে সবাই আরও বিস্তারিত জানতে পারেন।

অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সঞ্চালক ও যশোর বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক সৌমেন্দ্র গোস্বামী একটি গান গেয়ে শোনান। যশোর বন্ধুসভার সভাপতি লাকি রানী কাপুড়িয়ার বক্তব্য প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়। আরও উপস্থিত ছিলেন সুধীজন, আইডিএলসি যশোর শাখার সদস্য ও যশোর বন্ধুসভার বন্ধুরা।