লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভার আয়োজনে প্রীতি ক্রিকেট ম্যাচ

সেরা দুই দল
ছবি: বন্ধুসভা

খেলাধুলা মন ও শরীর সুস্থ রাখে। পাশাপাশি একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গাঢ় ও মজবুত করে। বন্ধুদের দীর্ঘদিনের চাওয়া ছিল ঢাকার বিভিন্ন বন্ধুসভার মধ্যে ক্রিকেট ম্যাচ আয়োজন করা হোক। অবশেষে সে উদ্যোগ নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা।

ম্যাচ শুরুর পূর্বে ঢাকা মহানগর ও জাতীয় পর্ষদের খেলোয়াড়রা
ছবি: বন্ধুসভা

‘খেলাকে হ্যাঁ বলি, মাদককে না বলি’ স্লোগান সামনে রেখে ১৪ অক্টোবর রাজধানীর হাজারীবাগে লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মাঠে প্রীতি ক্রিকেট ম্যাচ আয়োজন করা হয়। সেখানে অংশ নিয়েছে লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা, ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধুসভা, ঢাকা মহানগর বন্ধুসভা ও বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদ। এতে ফাইনালে ঢাকা মহানগরকে ৪১ রানের বিশাল ব্যবধানে হারিয়ে লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা চ্যাম্পিয়ন হয়েছে।

ম্যাচের একটি দৃশ্য
ছবি: বন্ধুসভা

খেলা শুরু হয় বেলা তিনটায়। প্রতি ইনিংসে ১০ ওভার করে খেলার পরিকল্পনা থাকলেও সময়স্বল্পতার কারণে সেটি ৭ ওভারে নামিয়ে আনা হয়। মোট তিনটি ম্যাচ হয়েছে, দুটি নকআউট ও একটি ফাইনাল। নকআউট রাউন্ডে নারী বন্ধুদের জন্য এক ওভার করে বরাদ্দ রাখা হয়। প্রথম নকআউট ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মহানগর ও জাতীয় পর্ষদ। এতে টস জিতে আগে ব্যাটিং করে ৭ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৫০ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা মহানগর। জবাব দিতে নেমে মাত্র ২৬ রানেই গুটিয়ে যায় জাতীয় পর্ষদের ইনিংস।

প্রতিপক্ষ টিমের উইকেট পতনের পর জাতীয় পর্ষদ টিমের উল্লাস
ছবি: বন্ধুসভা

দ্বিতীয় নকআউট ম্যাচে আরও ২ ওভার কমিয়ে দেওয়া হয়। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫ ওভারে ৭ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৫১ রান দাঁড় করায় লেদার ইঞ্জিনিয়ারিং। ৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৫০ রানে থেমে যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিংস। রোমাঞ্চ ছড়ানো এই ম্যাচে ১ রানের ব্যবধানে জয়ী হয় লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা।

লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভা ও ঢাবি বন্ধুসভার টিম
ছবি: বন্ধুসভা

সূর্য তখন পশ্চিম দিকে হেলে পড়েছে। অন্ধকার ঘনিয়ে আসছে। শঙ্কা জাগে ফাইনাল ম্যাচ নিয়ে। তখন জাতীয় পর্ষদের সভাপতি উত্তম রায় সিদ্ধান্ত দিলেন, খেলা ৩ ওভার করে হবে। ফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ঢাকা মহানগর ও লেদার ইঞ্জিনিয়ারিং। টস জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ওভারে মাত্র ৩ উইকেট হারিয়ে ৫২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল। জবাব দিতে নেমে স্কোরবোর্ডে ২ ওভারে মাত্র ১১ রান যোগ করে ঢাকা মহানগর। অন্ধকার হয়ে যাওয়ায় খেলা আর চালিয়ে নেওয়া সম্ভব হয়নি। তখন লেদার ইঞ্জিনিয়ারিং বন্ধুসভাকে বিজয়ী ঘোষণা করা হয়।