বর্ষার বিদায়বেলায় বন্ধুসভার গানে-সুরে ভেজা সন্ধ্যা

বর্ষা উৎসব শেষে বন্ধুদের একাংশছবি: শাহারিয়া নয়ন

আষাঢ়-শ্রাবণের মেঘের ঘনঘটা খানিকটা শেষের দিকে, বাতাসে ভেজা মাটির স্নিগ্ধ সুবাস। ক্যালেন্ডারের পাতা ঘুরে বর্ষা যখন বিদায়ের পথে, ঠিক তখনই বিদায়োন্মুখ বর্ষাকে বিদায় সম্ভাষণ আর প্রকৃতির সজীবতাকে উদ্‌যাপন করতে আয়োজিত হলো প্রথম আলো বন্ধুসভার বর্ষা উৎসব। কথা, সুর, গান আর নৃত্যে বর্ষার শেষ স্মৃতিকে ফ্রেমে বাঁধতে জেগে ওঠেন বন্ধুসভার বন্ধুরা।

ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় ১৮ আগস্ট রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।

সংগীত পরিবেশনা
ছবি: শাহারিয়া নয়ন

বিকেল পাঁচটা বাজতেই প্রথম আলোর সভাকক্ষে একে একে পা রাখতে শুরু করেন বন্ধুরা। কারও হাতে রজনীগন্ধা, কারও হাতে হাতবায়া, কারও কাঁধে ঝুলছে গিটার, কেউ–বা নিয়ে এসেছেন মন্দিরা। বন্ধুদের দেখে মনে হচ্ছে, তাঁরাই যেন সঙ্গে করে নিয়ে এসেছেন একটুকরা বর্ষা।
একজন আসছেন, আরেকজনকে দেখে দূর থেকেই হাত নেড়ে ডাকছেন। কেউ জড়িয়ে ধরছেন বন্ধুকে, কেউ ব্যস্ত হয়ে পড়ছেন কুশল বিনিময়ে। একটু আগেও যে সভাকক্ষ ছিল বেশ শান্ত ও গম্ভীর, ধীরে ধীরে সেটিই হয়ে উঠল হাসি-আনন্দ আর আড্ডার আখড়া।

বর্ষা বিদায়ের পথে, ক্যালেন্ডারও তার সাক্ষী। তবু সেদিন আকাশ মানতে চায়নি বিদায়ের কথা—আকাশজুড়ে ছিল একরাশ মেঘ। বাতাসে ভেজা মাটির গন্ধ। মাঝেমধ্যে মেঘের আড়াল থেকে আলো উঁকি দিচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল, বর্ষা যাওয়ার আগে শেষবারের মতো সবাইকে একটু ভিজিয়ে দিয়ে যেতে চায়।

অনুভূতি ব্যক্ত করেন সবাই
ছবি: শাহারিয়া নয়ন
সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মেঘা খেতান
ছবি: শাহারিয়া নয়ন

ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মেঘা খেতানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। বর্ষায় ঘরহারা ছিন্নমূল মানুষের কষ্টের কথা স্মরণ করে তিনি বলেন, ‘আমাদের অন্তত মাথা গোঁজার মতো আশ্রয় আছে। কিন্তু যাঁরা রাস্তায় রাত কাটান, যাঁদের মাথা গোঁজার ঠাঁই নেই কিংবা জীবিকার তাগিদে দূরদূরান্ত থেকে ঢাকায় এসে অনিশ্চয়তার মধ্যে দিন কাটান—বর্ষায় তাঁদের জীবন কতটা কঠিন, তা আমাদের ভাবা উচিত। তাঁদের জন্য আমরা নিশ্চয়ই কিছু করতে পারি। সামান্য হলেও যদি তাঁদের পাশে দাঁড়াতে পারি, তাঁদের কষ্টটা যদি একটু লাঘব করতে পারি—তাহলেই হয়তো এই আয়োজন আরও অর্থবহ হয়ে উঠবে।’

‘সারা দেশের বন্ধুসভার বন্ধুরা বন্যা কিংবা বিভিন্ন প্রতিকূলতায় মানুষের পাশে দাঁড়ান। একই সঙ্গে নিজেদের মধ্যে প্রকৃতিকে সেলিব্রেট করার যে জায়গাটা, সেটাও থাকা দরকার। সেটা গ্রীষ্ম হোক, বর্ষা হোক কিংবা বসন্ত। বন্ধুসভা তার সাংস্কৃতিক কার্যক্রম যেন করে। যেন আমাদের যে কালচার, আমাদের যে সংস্কৃতি, সেটা ধরে রাখতে পারি। আমাদের যে প্রকৃতি, সেই প্রকৃতিকে যেন উদ্‌যাপন করতে পারি।’—বাংলার আবহমান প্রকৃতি ও সংস্কৃতিকে ধরে রাখার বিষয়ে গুরুত্ব দিয়ে এ কথা বলেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি।

শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক
ছবি: শাহারিয়া নয়ন
শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি
ছবি: শাহারিয়া নয়ন

এ ছাড়া অনুভূতি ব্যক্ত করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের উপদেষ্টা মাহবুব পারভেজ, আশিকুজ্জামান অভি, সহসভাপতি মোহাম্মদ আলী ফিরোজ, যুগ্ম সাধারণ সম্পাদক সায়মন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান, ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা জুয়েল শীল ও ইসরাত জাহান, সভাপতি হাসান মাহমুদ সম্রাট।

উৎসবের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক আয়োজন। মহানগর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাকিয়া লিমার কোলাজ সংগীতের নৃত্যের মধ্য দিয়ে শুরু হওয়া সাংস্কৃতিক অনুষ্ঠান প্রাণ ফিরে পায় জাতীয় পর্ষদের উপদেষ্টা মাহবুব পারভেজের মনোমুগ্ধকর কবিতা আবৃত্তির মধ্য দিয়ে। আশরাফ বাবুর বিখ্যাত গান ‘শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে…’ পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান।

মহানগর বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাকিয়া লিমার কোলাজ সংগীতের নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় উৎসব
ছবি: শাহারিয়া নয়ন

‘মেঘের ডমরু ঘন বাজে’ গানে নৃত্য পরিবেশন করেন মহানগর বন্ধুসভার বন্ধু হোসাইন ইসলাম। তাঁর নৃত্যের ঝংকারে মুহূর্তেই মুখর হয়ে ওঠে পুরো উৎসবপ্রাঙ্গণ। এ ছাড়া গান পরিবেশন করেন বন্ধুর গান প্রতিযোগিতার বিজয়ী একান্ত ঐতিহ্য ও সেরা দশের অন্যতম দূর্জয় কুমার সরকার।

বন্ধুদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য দেন প্রথমা প্রকাশনের পাণ্ডুলিপি সম্পাদক আনিসুল হক। চীনা ভাষায় গান পরিবেশন করেন চীন বন্ধুসভার সভাপতি সাবরিনা লিজা।

সাংস্কৃতিক পর্বের ফাঁকে ফাঁকে চলে খেলা, গল্প, আড্ডা আর স্মৃতিচারণা। নতুন বন্ধুরা পরিচিত হয়েছেন, পুরোনো বন্ধুরা ঝালিয়ে নিয়েছেন সম্পর্কের উষ্ণতা। কেউ সেলফিতে বন্দী করেছেন মুহূর্ত, কেউ ভিডিওতে ধরে রেখেছেন প্রিয় গানের সুর।

‘মেঘের ডমরু ঘন বাজে’ গানে নৃত্য পরিবেশন করেন মহানগর বন্ধুসভার বন্ধু হোসাইন ইসলাম
ছবি: শাহারিয়া নয়ন
চীনা ভাষায় গান পরিবেশন করেন চীন বন্ধুসভার সভাপতি সাবরিনা লিজা
ছবি: শাহারিয়া নয়ন

মহানগর বন্ধুসভার বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহসভাপতি রাজা মান্নান তালুকদার ও মামুন হোসাইন, সাধারণ সম্পাদক অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান, প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মুর্শিদা খাতুন।

মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক অনিক সরকার এবং ‘বন্ধুর গান’ প্রতিযোগিতার সেরা তিন বন্ধুর সঙ্গে কণ্ঠ মেলান উপস্থিত বন্ধুরাও। সবাই মিলে গেয়ে ওঠেন ‘আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা’। এক কণ্ঠে, এক সুরে গেয়ে ওঠা বন্ধুদের সেই পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।

সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা