সকালের হালকা কুয়াশা সরিয়ে যখন আমাদের পিকনিক বাস রওনা দিল গাজীপুরের আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টের উদ্দেশে, মুহূর্তেই এই যাত্রা হয়ে ওঠে আনন্দ খুঁজে নেওয়ার উৎসবে। বন্ধুদের হাসি, জানালার পাশ দিয়ে দৌড়ে চলা গাছপালা আর গানের তালে তাল মিলিয়ে এগিয়ে চলে আমাদের বহনকারী বাস।
কিছু সময় পরই পৌঁছে যাই আনন্দ পার্ক অ্যান্ড রিসোর্টে। ৭ ফেব্রুয়ারি সেখানে দিনব্যাপী অনুষ্ঠিত হয় গাজীপুর বন্ধুসভার আনন্দভ্রমণ এবং ২০২৬ কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান।
সকালের নাশতা শেষে শুরু হয় মাঠের লড়াই। ক্রিকেট বলের শব্দ আর ফুটবলে পায়ের লাথি। কেউ ছক্কা হাঁকাল, কেউ গোল দিয়ে উল্লাসে ফেটে পড়ল। এক পাশে টান টান উত্তেজনায় খেলাতে হইহুল্লোড়, অন্য পাশে দর্শকসারিতে বসে খেলা দেখা—যেন বন্ধুদের বন্ধন আরও দৃঢ় করার উৎসব।
খেলা শেষে পানির আঙিনায় নেমে গেলাম সবাই। সুইমিংপুলে ছিটকে পড়া পানির ফোঁটায় মিশে ছিল আনন্দের ঝলক। কেউ ডুব দিল, কেউ সাঁতার কাটল, আবার একজন আরেকজনকে ভিজিয়ে দেওয়ার প্রতিযোগিতা তো ছিলই।
খেলা শেষে ক্ষুধার্ত পেট নিয়ে বসে পড়ি দুপুরের আয়োজনে। পোলাও, গরম ঝাল মাংস, সঙ্গে রোস্ট, মুহূর্তটাই হয়ে উঠল উপভোগ্য। সবাই মাঠে বসে পেট পুরে খেয়ে নিলাম দুপুরের খাবার।
দুপুরের খাবার শেষে অনুষ্ঠিত হয় আরও কিছু মজার খেলা। মেয়েদের চেয়ার সিটিং আর ছেলেদের ফুটবল-গোলপোস্ট এবং অতিথিদের হাঁড়িভাঙা—সবই ছিল হাস্যরসে ভরপুর।
বিকেলে ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির আত্মপ্রকাশ হয়। দিনের আলো কমে এলে শুরু হয় পুরস্কার বিতরণী। দিনভর অনুষ্ঠিত বিভিন্ন খেলায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়। ছিল লটারি।
সবশেষে অনুষ্ঠিত হয় বন্ধুদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। প্রথমেই স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার তাঁর অসাধারণ নাচে মুগ্ধ করেন সবাইকে। দপ্তর সম্পাদক মারফুয়া সিয়াম নাচের তালে তালে ছড়িয়ে দিলেন উচ্ছ্বাস আর প্রাণের ছোঁয়া। এরপর কবিতা আবৃত্তি ও নাটক পরিবেশনায় মঞ্চ হয়ে উঠল অনুভূতির রঙিন ক্যানভাস।
দিনব্যাপী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা আশিকুজ্জামান অভি, নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা মুহসিনা বুশরা, গাজীপুর বন্ধুসভার উপদেষ্টা ও প্রথম আলো গাজীপুর প্রতিনিধি মাসুদ রানা, মাইটিভির প্রতিনিধি এ কে এম শিশির, সময় টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক মেহেদী হাসান, রাইজিংবিডি.কমের নিজস্ব প্রতিবেদক রেজাউল করিম, মাছরাঙা টেলিভিশনের নিজস্ব প্রতিবেদক ফারদিন ফেরদৌস, প্রথম আলো শ্রীপুর প্রতিনিধি সাদেক মৃধা, গাজীপুর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, বন্ধুসভার উপদেষ্টা আবু বকর সিদ্দিক।
বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি বাবুল ইসলাম, সহসভাপতি জহিরুল ইসলাম ও আশিকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দীন, সহসাংগঠনিক সম্পাদক মনসুরুল হক মন্ডল, দপ্তর সম্পাদক মারুফুল আহমেদ, প্রচার সম্পাদক টুটুল সিকদার, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংস্কৃতিক সম্পাদক আফরা আনজুম, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক তানিয়া আক্তার, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ইতিহাস সরকার, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক আলাউদ্দিন ইমু, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন, ম্যাগাজিন সম্পাদক বিজয় মিয়া, বইমেলা সম্পাদক হিরা মিয়া, কার্যনির্বাহী সদস্য মোশারফ হোসেন, ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু ইভা আক্তার, মোস্তাফিজ হোসেন, শাওন আহামেদ, আরাফাত হোসেন, আমিনুল হোসেন, নিলয় আহামেদ, নুসরাত জাহান, সোনিয়া আক্তার, সিয়াম হোসেন, ইমন হোসেনসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা