নেতৃত্ব পদবি দিয়ে নয়, তৈরি হয় দক্ষতায়

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে প্রথম আলো বন্ধুসভার নেতৃত্ববিষয়ক কর্মশালা শেষ সনদ হাতে অংশগ্রহণকারীরা
ছবি: তানভীর হাসান

একবিংশ শতাব্দীর দ্রুত বদলে যাওয়া বাস্তবতায় শুধু একাডেমিক জ্ঞান নয়, নেতৃত্ব, যোগাযোগদক্ষতা, সময় ব্যবস্থাপনা ও দলগত কাজের সক্ষমতাও তরুণদের জন্য অপরিহার্য হয়ে উঠেছে। একজন ভালো নেতা কেবল নির্দেশ দেন না; বরং সমস্যা সমাধান করেন, নতুন নেতৃত্ব তৈরি করেন এবং মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে শেখেন।

প্রথম আলো বন্ধুসভার নেতৃত্ববিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় আলোচকদের বক্তব্যে এমন বার্তাই উঠে এসেছে। তাঁরা বলেন, তরুণদের দক্ষতা প্রমাণ করতে হবে কাজের মাধ্যমে; কারণ, নেতৃত্ব পদবি দিয়ে নয়, তৈরি হয় জ্ঞান, আত্মবিশ্বাস, যোগাযোগদক্ষতা ও বাস্তব অভিজ্ঞতার সমন্বয়ে। তরুণদের সময়ের সঠিক ব্যবহার, স্ক্রিন টাইম কমিয়ে দক্ষতা উন্নয়ন, আত্মবিশ্বাসী যোগাযোগ এবং সামাজিক পরিবর্তনে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

‘স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড অর্গানাইজেশনাল লিডারশিপ' বিষয়ে আলোচনা করেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সরোয়ার
ছবি: মীর হোসেন

'লার্ন, কানেক্ট, লিড' প্রতিপাদ্যে ১৫ মে রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সেমিনারকক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় এতে ঢাকার বিভিন্ন বন্ধুসভার নিবন্ধিত সদস্যরা অংশগ্রহণ করেন। সকাল ১০টায় শুরু হয়ে দিনব্যাপী এই কর্মশালা চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত। ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন সভাপতি হাসান মাহমুদ সম্রাট।

প্রথম সেশনে ‘স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড অর্গানাইজেশনাল লিডারশিপ' বিষয়ে আলোচনা করেন পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সাঈদুল আজহার সরোয়ার। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা যে কাজই করো, নিজের জায়গায় সেরা হওয়ার চেষ্টা থাকতে হবে। নেতৃত্ব মানে কেবল নির্দেশ দেওয়া নয়, সমস্যা সমাধানের দক্ষতা অর্জনও জরুরি। একজন নেতৃত্বদাতাকে যোগাযোগদক্ষতা, সিদ্ধান্ত গ্রহণ, দ্বন্দ্ব নিরসন ও সম্পর্ক গড়ে তোলার মতো বিষয়ে দক্ষ হতে হয়।'

তরুণদের অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে বাস্তব দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন কনটেন্ট ক্রিয়েটর ও পাবলিক স্পিকার সাদমান সাদিক
ছবি: মীর হোসেন

তরুণদের অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে বাস্তব দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন কনটেন্ট ক্রিয়েটর ও পাবলিক স্পিকার সাদমান সাদিক। ‘টাইম ম্যানেজমেন্ট ও নেগোশিয়েশন স্কিল' নিয়ে আলোচনায় বাস্তব উদাহরণ তুলে ধরে তিনি বলেন, 'সময় ব্যবস্থাপনার পাশাপাশি নিজের শক্তিকেও ব্যবস্থাপনা করতে হবে। দিনের যে সময়টায় আপনি সবচেয়ে বেশি কার্যকর, গুরুত্বপূর্ণ কাজ সেই সময়েই করা উচিত।'

মধ্যাহ্নভোজের বিরতির পর ‘কমিউনিকেশন, নেটওয়ার্কিং অ্যান্ড কলাবোরেশন' বিষয়ে কথা বলেন পেপকো গ্লোবাল সোর্সিংয়ের সাউথ-ইস্ট এশিয়ার সিনিয়র ম্যানেজার (এইচআর) রেহান আসিফ। আত্মবিশ্বাসী যোগাযোগকে নেতৃত্বের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা অনেক কিছু জানি, কিন্তু মানি না। যোগাযোগদক্ষতা এখন বেঁচে থাকার দক্ষতায় পরিণত হয়েছে।'

ট্রান্সফরমেশন-বায়ার বাংলাদেশের ম্যানেজার (কি অ্যাকাউন্টস ও নিউ বিজনেস ডেভেলপমেন্ট) জহিরুল ইসলাম আলোচনা করেন 'লিডারশিপ মাইন্ডসেট অ্যান্ড আইডেনটিটি' বিষয়ে
ছবি: তানভীর হাসান

ট্রান্সফরমেশন-বায়ার বাংলাদেশের ম্যানেজার (কি অ্যাকাউন্টস ও নিউ বিজনেস ডেভেলপমেন্ট) জহিরুল ইসলাম বলেন, 'ভালো নেতা হতে হলে আগে ভালো মানুষ হতে হবে। একজন দক্ষ নেতা সব সময় নতুন নেতৃত্ব তৈরি করেন এবং দলের সদস্যদের কাজের কৃতিত্ব দিতে জানেন।' তিনি আলোচনা করেন 'লিডারশিপ মাইন্ডসেট অ্যান্ড আইডেনটিটি' বিষয়ে।

লিডার মানে নলেজ, স্কিল ও কাজ করার সক্ষমতা উল্লেখ করে বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের উপদেষ্টা উত্তম রায় বলেন, 'কমিটির সর্বশেষ সদস্যকেও নেতৃত্বের জন্য তৈরি করতে হবে। এমনভাবে তাকে গড়ে তুলতে হবে, যেন আগামী পাঁচ বছর পর সে-ই আপনার জায়গায় দাঁড়িয়ে নেতৃত্ব দিতে পারে এবং সবাই তাকে একজন দক্ষ লিডার হিসেবে গ্রহণ করে।'

‘কমিউনিকেশন, নেটওয়ার্কিং অ্যান্ড কলাবোরেশন' বিষয়ে কথা বলেন পেপকো গ্লোবাল সোর্সিংয়ের সাউথ-ইস্ট এশিয়ার সিনিয়র ম্যানেজার (এইচআর) রেহান আসিফ
ছবি: তানভীর হাসান

সবশেষে ছিল 'ইয়ুথ লিডারশিপ ফর সোশ্যাল চেঞ্জ' বিষয়ে প্যানেল আলোচনা। এতে অংশ নেন বাংলাদেশ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক রুবাইয়াত সাইমুম চৌধুরী, বিডিজবস লিমিটেডের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ আলী ফিরোজ, বন্ধুসভার জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি এবং টেন মিনিট স্কুলের প্রোগ্রাম লিড ফারহান সাকিব। এই পর্ব সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক অনিক সরকার।

কর্মশালা শেষে অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়। আয়োজন সহযোগী হিসেবে ছিল ড্যানিশ এবং বেভারেজ পার্টনার উইংস।