শেরপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত

দলীয় সঙ্গীত পরিবেশন করছেন শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা
ছবি: প্রথম আলো

‘সত্যে তথ্যে ২৪’ স্লোগানকে সামনে রেখে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে গত মঙ্গলবার শেরপুর বন্ধুসভার উদ্যোগে শেরপুর পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসবের মধ্যে ছিল আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বেলা ১১টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রথম আলোর প্রতিনিধি দেবাশীষ সাহার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) হান্নান মিয়া, বিশিষ্ট সমাজসেবক ও শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, শেরপুর জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস, মুক্তিযোদ্ধা আ স ম নুরুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্চিতা হোড়, শেরপুর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক আবদুল আলীম, দুর্নীতি দমন কমিশনের সরকারি কৌঁসুলি মোখলেছুর রহমান, নাগরিক সংগঠন জনউদ্যোগের আহ্বায়ক আবুল কালাম আজাদ ও সদস্যসচিব হাকিম বাবুল।

শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা
ছবি: প্রথম আলো

জয়শ্রী দাস বলেন, প্রথম আলো যেন সূর্যের আলোর রশ্মির মতো। সূর্য যেমন প্রতিদিন সকালে উদিত হয়ে অন্ধকারকে দূর করে পৃথিবীকে আলোকিত করে দেয়, তেমনি প্রতিদিন ভোরে প্রকাশিত প্রথম আলো সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে। প্রথম আলো দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনস্ক একটি সমাজ বিনির্মাণে দীর্ঘ দুই যুগ ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। বস্তুনিষ্ঠ, সাহসী আর নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে এটি দেশের একটি শ্রেষ্ঠ সংবাদপত্র হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সমর্থ হয়েছে।

আলোচনা শেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা সাংস্কৃতিক পরিবেশনা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী। বন্ধুসভার বন্ধুরা এতে সহযোগিতা করেন। অনুষ্ঠানে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।