ঢাকার আকাশে যখন সোনালি রোদ নরম হয়ে নামে, কৃষ্ণচূড়ার ডালে ডালে আগুনরঙা ফুল ফোটে, তখনই যেন শহরের ভিড়ভাট্টা পেরিয়ে ক্লান্ত নগরজীবনে রং ছড়িয়ে দিতে আসে ঋতুরাজ বসন্ত। সেই ঋতুকে উদ্যাপন করতে প্রথম আলো বন্ধুসভা আয়োজন করেছে ‘আজি এ বসন্তে’ শিরোনামে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় ১৭ ফেব্রুয়ারি রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলা এ অনুষ্ঠানে ঢাকার বিভিন্ন বন্ধুসভার শতাধিক বন্ধু অংশ নেন।
বিকেল পাঁচটা বাজতেই একে একে বন্ধুরা এসে জড়ো হতে থাকেন। কারও হাতে ফুল, কারও কাঁধে গিটার, কারও চোখে বসন্তের উচ্ছ্বাস। প্রথম আলোর প্রাঙ্গণ ধীরে ধীরে রঙিন হয়ে ওঠে তরুণ প্রাণের পদচারণে। সন্ধ্যা নেমে আসার সঙ্গে সঙ্গে আড্ডা, আলাপ আর শুভেচ্ছা বিনিময়ে মুখর হয়ে ওঠে চারপাশ। ‘আজি এ বসন্তে’ কেবল একটি বাক্য নয়; এটি অনুভবের ডাক। নতুনের আহ্বান, পুরোনো ক্লান্তি ঝেড়ে ফেলার শক্তি এবং সম্পর্কের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি।
ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু মেঘা খেতান ও আফিয়া ইবনাতের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় পরিচালনা পর্ষদের নির্বাহী সভাপতি ফরহাদ হোসেন মল্লিক। ভাষার মাস স্মরণ করে তিনি বলেন, ‘ফেব্রুয়ারি আমাদের আত্মপরিচয় ও গৌরবের মাস। বন্ধুসভার বন্ধুরা সব সময়ই নিজেদের সৃজনশীলতা ও মানবিক কাজের মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। সব বন্ধুকে ঐক্যবদ্ধ হয়ে আগামী দিনেও কাজ করে যেতে হবে।’
অনার বাংলাদেশের হেড অব মার্কেটিং ফারুক রহমান বন্ধুসভার বন্ধুদের কাজের প্রশংসা করে বলেন, ‘সারা দেশের বন্ধুসভার বন্ধুদের উদ্দীপনা ও নিষ্ঠা সত্যিই প্রশংসনীয়। বছরজুড়ে প্রতিটি কার্যক্রমে যে পেশাদারত্ব ও সৃজনশীলতা দেখা যায়, তা আমাদের মুগ্ধ করে। তরুণদের এমন ইতিবাচক পথচলার সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’
এ ছাড়া অনুভূতি ব্যক্ত করেন বন্ধুসভা জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক সাইমুম মৌসুমী বৃষ্টি, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা বুশরা, দপ্তর সম্পাদক আলাদিন আসাদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশফাকুর রহমান এবং স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার।
উৎসবের মূল আকর্ষণ ছিল সাংস্কৃতিক আয়োজন। রবীন্দ্রনাথের বসন্তগান থেকে শুরু করে আধুনিক সুর—প্রতিটি পরিবেশনায় ছিল প্রাণের ছোঁয়া। আবৃত্তিতে উঠে আসে প্রেম, প্রকৃতি ও নবজাগরণের কবিতা। মহানগর বন্ধুসভার বন্ধু হোসাইন ইসলামের নৃত্য মুগ্ধ করে উপস্থিত সবাইকে। এডাস্ট বন্ধুসভার বন্ধু মান্নান পাটোয়ারীও নৃত্য পরিবেশন করেন।
গান পরিবেশন করেন জাতীয় পরিচালনা পর্ষদের স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক ডা. কাভী সিকান্দার, মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক অনিক সরকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু হাসানুজ্জামান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধু সূচনাসহ অনেকেই। মহানগর বন্ধুসভার সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমানের গানে উপস্থিত বন্ধুরা নেচে-গেয়ে উৎসব উদ্যাপন করেন। লোকজ সম্রাট শাহ আবদুল করিমের লেখা ‘বসন্ত বাতাসে সই গো বসন্ত বাতাসে’ গানটি পরিবেশন করে তিনি উৎসবের আবহ আরও প্রাণবন্ত করে তোলেন।
সাংস্কৃতিক পর্বের ফাঁকে ফাঁকে চলেছে গল্প, হাসি আর পুরোনো দিনের স্মৃতিচারণা। নতুন বন্ধুরা পরিচিত হয়েছেন, পুরোনো বন্ধুরা ঝালিয়ে নিয়েছেন সম্পর্কের উষ্ণতা। কেউ সেলফিতে বন্দী করেছেন মুহূর্ত, কেউ ভিডিওতে ধরে রেখেছেন প্রিয় গানের সুর। শহরের ক্লান্তি ভুলে বন্ধুরা হয়ে উঠেছিলেন প্রাণখোলা মানুষ।
মহানগর বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি হাসান মাহমুদ সম্রাট, সহসভাপতি রাজা মান্নান তালুকদার ও মামুন হোসাইন, সাধারণ সম্পাদক অনিক সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মেঘা খেতান ও মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান, অর্থ সম্পাদক আতিকুর রহমান, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক জাকিয়া লিমা, সাংস্কৃতিক সম্পাদক সাদিকুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক আকিফ বিন সাঈদ, পরিবেশ ও সমাজকল্যাণ সম্পাদক মুর্শিদা খাতুন, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তাসনিম খান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক আফিয়া ইবনাত, ম্যাগাজিন সম্পাদক বর্ণিক বৈশ্য এবং কার্যনির্বাহী সদস্য হোসাইন ইসলাম প্রমুখ।
সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর বন্ধুসভা