বসন্ত এসে গেছে

কুষ্টিয়া বন্ধুসভার বসন্তবরণ অনুষ্ঠানে বন্ধুদের গান পরিবেশনা
ছবি: বন্ধুসভা

শীতের বিদায় ও বসন্তের আগমনকে স্বাগত জানিয়ে বসন্তবরণ উৎসব করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ১৪ ফেব্রুয়ারি প্রথম আলো কুষ্টিয়া অফিসে নানা আয়োজনে এটি অনুষ্ঠিত হয়।

গত বছরের ডিসেম্বরে দুর্বৃত্তদের হামলায় প্রথম আলো কুষ্টিয়া অফিস ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেদিনের পর এটাই অফিসে প্রথম কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্ধুদের বক্তব্য, কবিতা আবৃত্তি, গান, নাটক, সংলাপ ও আড্ডার মাধ্যমে নতুন করে প্রাণ ফিরে পায় অফিস।

শুভেচ্ছা বক্তব্য দেন কুষ্টিয়া বন্ধুসভার উপদেষ্টা সরওয়ার মুর্শেদ। উপস্থাপনা করেন নাট্যকার আনোয়ার বাবু। শিল্পী কৌশিক রহমান ‘নিন্দুকে যা বলছে বলুক’ গানের সুরে উৎসবে রং ছড়ান।

কুষ্টিয়া বন্ধুসভার বসন্তবরণ
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার সভাপতি জসিম উদ্দিন আবৃত্তি করেন নজরুলের ‘সৃষ্টি সুখের উল্লাসে’ কবিতাটি। নহলি আকাশলীনার কণ্ঠে বাজে ‘এ শুধু অলস মায়া, এ শুধু মেঘের খেলা’ গান। মৌসুমি বিশ্বাসের কণ্ঠে ধ্বনিত হয় ‘ফুলের কানে ভ্রমর এসে চুপি চুপি বলে যায়’ গান। এ ছাড়া কবিতা, গান, সংলাপে আয়োজন মাতিয়ে রাখেন মুনশী সাঈদ, শহীদুল ইসলাম, জাহাঙ্গীর আলী খান, শাহীন সরকার, মাহবুবুর রহমান, স্বপন কুমার মালাকার, আতিয়ার রহমান, রুহুল আমিন, আবদুল্লাহ সাঈদ, আরোবি, শিহাবসহ বন্ধুসভার সদস্যরা।

আকলিমা খাতুনের কণ্ঠে ‘বসন্তে কি শুধু কেবল ফোটা ফুলের মালা’ গানের মাধ্যমে সাংস্কৃতিক পর্ব শেষ হয়। সমাপনী বক্তব্য দেন প্রথম আলো কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা