যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম

রবীন্দ্র সাহিত্যের বিভিন্ন চরিত্র নিয়ে বিতর্ক অনুষ্ঠানছবি: শাকিব হাসান

২২ শ্রাবণ ১৪২৯, শনিবার ‘যাহা দিলাম তাহা উজাড় করিয়াই দিলাম’ শিরোনামে নানা আয়োজনের মধ্য দিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মহাপ্রয়াণ দিবসে কবিকে স্মরণ করেছে প্রথম আলো বন্ধুসভা। জাতীয় পরিচালনা পর্ষদের উদ্যোগে বিকেল পাঁচটায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে অনুষ্ঠিত এই আয়োজনে ঢাকা মহানগরসহ ঢাকার বিভিন্ন বন্ধুসভা অংশগ্রহণ করে।

নৃত্য পরিবেশন করেন পারিসা মেহজাবিন
ছবি: শাকিব হাসান

প্রথমেই রবীন্দ্রনাথ ঠাকুরের ‘একি লাবণ্যে পূর্ণ প্রাণ’ গানের তালে নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার বন্ধু পারিসা মেহজাবিন। এরপর কবিকে স্মরণ করে ও বন্ধুদের উদ্দেশে বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কথাসাহিত্যিক আনিসুল হক। তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, সাহিত্য, সমাজ সংস্কারে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন। কোডার্স ট্রাস্টের কান্ট্রি ডিরেক্টর আতাউল গনি ওসমানি বন্ধুসভার এমন আয়োজনে মুগ্ধতা প্রকাশ করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক পর্ব। গান নিয়ে আসেন জাতীয় পরিচালনা পর্ষদের পৌলমী অদিতি অন্তরা ও ফারহান কবির। কবিতা আবৃত্তি করেন জাতীয় পরিচালনা পর্ষদের বহ্নিশিখা ও সাইদুল হাসান। নৃত্য পরিবেশন করেন ঢাকা মহানগর বন্ধুসভার খাদিজা জান্নাত পরি।

রবীন্দ্রসংগীত গেয়ে শোনান পৌলমী অদিতি অন্তরা ও ফারহান কবির
ছবি: শাকিব হাসান

সবশেষে আয়োজনে চমক হিসেবে ছিল রবীন্দ্রনাথের সৃষ্টি বিভিন্ন চরিত্র নিয়ে বিশেষ প্রদর্শনী বিতর্ক। সঞ্চালক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাবেক বিতর্ক নির্দেশক প্রশান্ত ভূষণ বড়ুয়া এবং প্রথম আলোর ডিজিটাল রূপান্তর ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়কারী মুনির হাসান। বিতর্ক শুরু হওয়ার আগে বন্ধুদের উদ্দেশে কথা বলার সময় সাংস্কৃতিক চর্চার ওপর জোর দেন মুনির হাসান। তিনি বলেন, নিজেকে তৈরি করতে হবে। মানুষের পাশে দাঁড়াতে হবে, তবে নিজের সব বিসর্জন দিয়ে নয়, জীবনকে উপভোগ করতে শেখো। নাচের অনুষ্ঠান করো, গানের অনুষ্ঠান করো।

নাচে মুগ্ধতা ছড়িয়েছেন খাদিজা জান্নাত পরি
ছবি: শাকিব হাসান

রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্ট হৈমন্তী, অপু, লাবণ্য, অমিত, বিনোদিনী ও মহেন্দ্র চরিত্রে যথাক্রমে বিতর্ক করেন সোহানী শিফা, রেদোয়ান রেজা, সাইমুম মৌসুমী, হাসান মাহমুদ, ইসরাত জাহান ও শাহরিয়ার নাজিম।

জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের বেশি বেশি করতে হবে। আরও উপস্থিত ছিলেন বন্ধুসভার নির্বাহী সভাপতি মৌসুমী মৌ ও সাধারণ সম্পাদক জাফর সাদিক।