কথা গানে নজরুল স্মরণ

অনুষ্ঠান শেষে ভৈরব বন্ধুসভার বন্ধুরা
ছবি: আমান উল্লাহ

প্রেম, সাম্য ও দ্রোহের কবি কাজী নজরুল ইসলাম ভৈরব বন্ধুসভার বন্ধুদের চেতনা ও বছরব্যাপী চর্চার অংশ। বিশেষ করে মুদ্রিত বই পড়ার দলগত পাঠের আসর ‘পাঠচক্র’ ও কবিতার আসরের মাধ্যমে এত দিন নজরুল–বন্দনা হয়েছে এই সভায়। তবে নজরুলের অনবদ্য সৃষ্টি সংগীত নিয়ে এত দিন আলাদা আয়োজন ছিল না। ‘কথা গানে নজরুল স্মরণ’ শিরোনামে পৃথক একটি গানের অনুষ্ঠানের মাধ্যমে ভৈরব বন্ধুসভা এবার সেই শূন্যস্থান পূরণ করে। নজরুলের ১২৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ছিল নজরুল সংগীতের বিশেষ এ আয়োজন। সুরের এ পর্ব হয় গত ৩১ আগস্ট রাত নয়টায় প্রথম আলোর ভৈরব আঞ্চলিক কার্যালয়ে।

‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম

মোরা ঝর্ণার মতো চঞ্চল,

মোরা বিধাতার মতো নির্ভয়

মোরা প্রকৃতির মতো সচ্ছল।’

উদ্দীপনা–জাগানিয়া নজরুলের এ গান সমবেত কণ্ঠে পরিবেশনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। এরপর একে একে নজরুলসংগীত গেয়ে শোনান ভৈরব সভার বন্ধু জেরিন, মোশারফ রাব্বি, যুগ্ম সাধারণ সম্পাদক সানজিদা সিদ্দিকা ও প্রশিক্ষণবিষয়ক সম্পাদক আরতি পাল। তাঁরা সবাই নজরুলসংগীত চর্চা করেন। আরতি পাল আবার ছায়ানটের শিক্ষার্থী।

উপদেষ্টা সুমন মোল্লা, ওয়াহিদা আমিন, সভাপতি সুমাইয়া হামিদ, সাধারণ সম্পাদক ছিদরাতুল রশিদ ও অনুষ্ঠান উপকমিটির আহ্বায়ক সাইফ রহমান গানের ফাঁকে ফাঁকে নজরুল আলোচনায় অংশ নেন। সঞ্চালনায় ছিলেন সহসভাপতি প্রিয়াংকা।

তথ্য ও প্রযুক্তি সম্পাদক, ভৈরব বন্ধুসভা