হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল

ফেনী বন্ধুসভার রবীন্দ্র-নজরুলজয়ন্তী অনুষ্ঠানে সংগীত পরিবেশনা
ছবি: বন্ধুসভা

‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় নজরুল’ স্লোগানে ফেনী বন্ধুসভার আয়োজনে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। এ উপলক্ষে ২৫ মে বর্ষণমুখর দুপুরে শহরের আর্য সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এক উৎসব অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু তাহের। তিনি বলেন, ‘বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম—দুজনই আমাদের অহংকার। কবিদ্বয়ের সৃষ্টকর্ম বর্তমান তরুণ প্রজন্মকে ধারণ করতে হবে। পড়ালেখার পাশাপাশি সাংস্কৃতিক চর্চায় তরুণদের নিয়োজিত হতে হবে। রবীন্দ্রনাথের কালজয়ী উপন্যাসগুলো পাঠের পাশাপাশি নজরুলের সংগ্রামী জীবন এ প্রজন্মকে ধারণ করতে হবে। আমাদের সংকীর্ণতা দূর করতে রবীন্দ্র-নজরুল পথপ্রদর্শক হিসেবে থাকবেন।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ও কর্মময় জীবন নিয়ে আলোকপাত করেন চারণ সাংস্কৃতিক কেন্দ্রের ফেনী জেলার সাধারণ সম্পাদক আর কে শামীম পাটোয়ারী। বিশ্বকবি রবীন্দ্রনাথের সৃষ্টিগুণ নিয়ে আলোচনা করেন প্রথম আলোর ফেনী প্রতিনিধি নাজমুল হক শামীম।

নৃত্য পরিবেশনা
ছবি: বন্ধুসভা

ফেনী বন্ধুসভার সাধারণ সম্পাদক দিপংকর রায় চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা শেখ নুর উদ্দিন চৌধুরী, ফেনী ডায়াগনস্টিক অ্যান্ড প্রাইভেট হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি হারুন উর রশিদ, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় মহাসচিব মহিউদ্দিন খন্দকার, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক পরিষদের সভাপতি জি এম তাজ উদ্দিন পলাশ, জাসাস ফেনী জেলার সভাপতি কাজী ইকবাল আহমদ, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ, সময়ের রেখা পত্রিকার সম্পাদক লায়ন জাফর উল্লাহ। স্বাগত বক্তব্য দেন ফেনী বন্ধুসভার সভাপতি মো. ইব্রাহীম।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কিশোর চক্রবর্তীর সঞ্চালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুলের ‘দাও শৌর্য দাও ধৈর্য হে উদার নাথ দাও দাও প্রাণ’ গানটি সম্মিলিত কণ্ঠে পরিবেশন করেন আর্য সাংস্কৃতিক কেন্দ্রের শিক্ষার্থীরা। এরপর বন্ধু রাজশ্রীর কণ্ঠে রবীন্দ্রসংগীত ‘আমারও পরান যাহা চায়’,  রৌদেলা রুদ্র চক্রবর্তীর কণ্ঠে নজরুলগীতি ‘খেলিছ এ বিশ্বলয়ে’ ও ‘কারার ঐ লৌহ–কবাট’ গানগুলো দর্শক–শ্রোতাদের মুগ্ধ করেন। পরে আরও দুটি রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বন্ধু রাজেশ বণিক ও শাকিল ওয়াসিফ।

কাজী নজরুলের ‘মানুষ’ কবিতাটি আবৃত্তি করেন সম্পূর্ণা সাহা। রবীন্দ্রনাথের ‘কৃষ্ণকলি’ কবিতাটি আবৃত্তি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফারিয়া জাহান ও ‘প্রশ্ন’ কবিতাটি আবৃত্তি করেন মমিনুল রাহিম। শেষে কাজী নজরুলের ‘রুম ঝুম রুম ঝুম কে বাজায়’ গানের তালে নৃত্য পরিবেশন করেন শিল্পী সম্পূর্ণা সাহা।

অনুষ্ঠানে উপস্থিতির একাংশ
ছবি: বন্ধুসভা

বিশেষ অতিথির বক্তব্যে হারুন উর রশিদ বলেন, ‘দেশের সর্ববৃহৎ পত্রিকার পাঠক সংগঠন বন্ধুসভা নজরুল ও রবীন্দ্রনাথের জন্মবার্ষিকী উদ্‌যাপনের মাধ্যমে তারুণ্যের মধ্যে প্রাণের সঞ্চার করেছে। বর্তমান প্রজন্মকে মোবাইল আগ্রাসন থেকে রক্ষা করতে নজরুল ও রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের প্রতি চর্চা বাড়াতে হবে।’

আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সাধারণ সম্পাদক সমর দেবনাথ বলেন, ‘জাতীয় কবি কাজী নজরুলের জন্মদিনে তাঁকে স্মরণ করার পাশাপাশি একই মাসে বিশ্বকবি রবীন্দ্রনাথের জন্মদিনকেও স্মরণ করেছেন বন্ধুসভার সদস্যরা। বন্ধুসভা আমার প্রাণের সংগঠন। তাঁরা এমন সৃষ্টিশীল কাজ আরও বেশি করবে, এমন প্রত্যাশা করছি।’

অনুষ্ঠানে আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে পায়রা শিশু-কিশোর সংগঠনের সভাপতি জাহিদ হোসেন বাবলু, আর্য সাংস্কৃতিক কেন্দ্রের সভাপতি প্রদীপ দেবনাথ, নজরুল একাডেমি পরশুরাম শাখার প্রতিষ্ঠাতা আবু ইউসুফ মিন্টু, আলাপন আবৃত্তিচর্চা কেন্দ্রের সিনিয়র সদস্য লায়ন জাফর আহমেদ ভূইয়া, ফেনী বন্ধুসভার সাবেক সভাপতি জহিরুল ইসলাম, অমিত মজুমদার, জান্নাত আক্তার উপস্থিত ছিলেন।

বন্ধুসভার বন্ধুদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি আমিনুল ইসলাম ও দেলোয়ার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম ও তন্ময় নাথ, প্রচার সম্পাদক আবদুল্লাহ আল নোমান, সাংস্কৃতিক সম্পাদক রাইসা ফারুক, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক আবুল হাসান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি সম্পাদক স্বাক্ষর চক্রবর্তী, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক অর্ণব রায় চৌধুরীসহ অনেকে।

সহসভাপতি, ফেনী বন্ধুসভা