ঘড়ির কাঁটায় তখনো মধ্যরাত পেরোয়নি। শীতের হালকা কুয়াশা আর হিমেল বাতাস গায়ে মেখে রাজধানীর সদরঘাট টার্মিনালে একে একে জমতে শুরু করেছে তরুণদের জটলা। কারও চোখে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি, কারও হাতে ব্যাগ, কিন্তু সবার মুখেই এক অদ্ভুত দীপ্তি, প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হওয়ার আনন্দ। নির্ধারিত সময় ছিল শুক্রবার সকাল সাতটা। অথচ দেশের উত্তরতম প্রান্ত পঞ্চগড় কিংবা দক্ষিণ-পূর্বের কক্সবাজার থেকে ছুটে আসা বন্ধুরা যেন আর অপেক্ষা করতে পারছিলেন না। ভোরের আলো ফোটার আগেই প্রিন্স আওলাদ-৭ লঞ্চের প্রতিটি ডেক ভরে উঠল প্রাণের কোলাহলে।
‘বন্ধুত্বে গড়ি স্বপ্ন’ স্লোগানে প্রথম আলো বন্ধুসভার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপনের এই ব্যতিক্রমী আয়োজনের নাম ছিল ‘এসো মিলি জলধারায় ২.০’; সদরঘাট থেকে চাঁদপুর মোহনা হয়ে আবার সদরঘাট। এই দীর্ঘ নৌপথে দিনব্যাপী মিলনমেলায় এক হয়েছিলেন সারা দেশের ৮৬টি বন্ধুসভার ১ হাজার ১৫০ জন সক্রিয় বন্ধু, অ্যালামনাই ও শুভানুধ্যায়ী। আয়োজনের আহ্বায়ক হিসেবে যখন লঞ্চের ডেকে দাঁড়িয়ে এই বিশাল জনসমুদ্রের দিকে তাকাচ্ছিলাম, মনে হচ্ছিল দেশের নানা প্রান্তের নদীগুলো যেমন মোহনায় এসে এক হয়, ঠিক তেমনি দেশের প্রতিটি প্রান্তের ভালো কাজের কারিগরেরা আজ মিলেছেন এক জলধারায়।
২০২২ সালের ডিসেম্বরে প্রথম ‘এসো মিলি জলধারায়’ আয়োজনের পর থেকেই বন্ধুদের প্রাণের দাবি ছিল আরেকটি জলযাত্রার। সেই স্বপ্ন বাস্তবায়নে দেশের দুই প্রবেশদ্বার থেকে শুরু হয়েছিল আমাদের প্রস্তুতি। লঞ্চ ছাড়ার আগের রাত থেকেই স্বেচ্ছাসেবকদের বিরামহীন কর্মযজ্ঞ, উপহারের ব্যাগ গোছানো আর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার মধ্য দিয়ে তৈরি হয়েছিল এক উৎসবমুখর পরিবেশ। ঠিক সকাল ৯টা ৪৫ মিনিটে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন এবং বন্ধুসভার থিম সংগীতের তালে প্রাণবন্ত নৃত্যের মধ্য দিয়ে শুরু হয় মূল আনুষ্ঠানিকতা।
লঞ্চের পাখা ঘোরার সঙ্গে সঙ্গে বুড়িগঙ্গা পেরিয়ে ধলেশ্বরী, মেঘনা আর পদ্মার বিশাল জলরাশিতে ভেসে চলল তারুণ্যের এই ভাসমান উৎসব। নদীর শীতল বাতাস আর ঢেউয়ের তালে তালে লঞ্চের মঞ্চে চলতে থাকে নাচ, গান, আবৃত্তি ও মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা। এরই ফাঁকে অনুষ্ঠিত হয় মানসিক স্বাস্থ্যবিষয়ক বিশেষ সচেতনতামূলক সেশন এবং আকর্ষণীয় র্যাফল ড্র পর্ব, যা বাড়তি উন্মাদনা যোগ করে।
কেবল আনন্দ-আড্ডাই নয়, লঞ্চের প্রতিটি কোণে চলছিল অভিজ্ঞতা বিনিময়, এক জেলার বন্ধুসভা কীভাবে কাজ করছে, তা জেনে অনুপ্রাণিত হচ্ছিলেন অন্য জেলার বন্ধুরা।
প্রথম আলো বন্ধুসভা গত ২৮ বছরে কেবল একটি সংগঠন হিসেবে নয়; বরং তরুণদের মানবিক মূল্যবোধ, নেতৃত্ব ও সামাজিক দায়বদ্ধতা চর্চার এক নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। ‘সহমর্মিতার ঈদ’-এ নিজেদের নতুন পোশাকের টাকা বাঁচিয়ে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো, একটি করে ভালো কাজ কর্মসূচির মাধ্যমে সমাজের ইতিবাচক পরিবর্তন আনা কিংবা সবুজ পৃথিবী গড়তে দেশব্যাপী বৃক্ষরোপণ—সারা বছর বন্ধুরা নীরবে এই কাজগুলো করে যান। প্রতিষ্ঠাবার্ষিকীর এই মঞ্চে সেসব কাজের স্বীকৃতিস্বরূপ ‘সহমর্মিতার ঈদ’, ‘বৃক্ষরোপণ’, ‘একটি ভালো কাজ’ ও ‘বর্ষসেরা ১০’—এই চার ক্যাটাগরিতে দেশের ৪০টি সেরা বন্ধুসভাকে সম্মাননা দেওয়া হয়। পুরস্কার হাতে পাওয়ার মুহূর্তে বিজয়ীদের উচ্ছ্বাস আর করতালিতে মুখর হয়ে ওঠে পুরো নৌযান।
চাঁদপুরের ত্রিনদীর মোহনার খানিক আগে যখন লঞ্চটি ফিরতি যাত্রার জন্য ঘুরছে, তখন বিকেলের সোনালি রোদ এসে পড়েছে নদীর বুকে। সূর্যাস্তের আভা মেখে ডেকে ডেকে চলছে গানের আসর, দল বেঁধে ছবি তোলা আর আগামী দিনে আরও বড় পরিসরে ভালো কাজ করার অঙ্গীকার।
দিন শেষে রাতের আঁধারে লঞ্চ যখন সদরঘাটে ভিড়ল, তখন বিদায়ের সুর বাজলেও কারও মনে বিষাদ ছিল না। কারণ, এই দিনব্যাপী জলযাত্রা আমাদের শিখিয়েছে বন্ধুত্ব কেবল ব্যক্তিগত সম্পর্কের গণ্ডিতে সীমাবদ্ধ নয়, এটি সমাজবদলের এক অদম্য শক্তি।
দেশের ৮৬টি প্রান্ত থেকে আসা তরুণেরা সেই শক্তি আর নতুন স্বপ্ন বুকে নিয়ে ফিরে গেছেন নিজ নিজ ঠিকানায়। এসো মিলি জলধারায় ২.০ শেষ হলেও নদীর ঢেউয়ের মতোই বহমান থাকবে বন্ধুসভার এই মানবিক অভিযাত্রা। এই অসাধারণ আয়োজনের সঙ্গে যুক্ত সব কুশলী ও সহযোগীকে জানাই আমাদের টুপিখোলা অভিনন্দন, বুকের গভীরতম ভালোবাসা। বন্ধুত্বে স্বপ্ন গড়ার এই প্রত্যয়, এই যাত্রা অব্যাহত থাকুক।
আহ্বায়ক, এসো মিলি জলধারায় ২.০