কুয়াশা উৎসবে প্রাণে উষ্ণতার জোয়ার

অতিথিদের সঙ্গে বন্ধুরা, জহির রায়হান মিলনায়তন, জাবি
ছবি: বন্ধুসভা

সূর্যের আলো নিভে যাচ্ছে ধীরে ধীরে। ঠান্ডা পড়তে শুরু করেছে অন্য দিনের মতোই। একটু পরেই জ্বলে উঠল মরিচবাতি আর লাল-নীল রঙের কাগজে সাজানো সপ্তম ছায়ামঞ্চ, হয়ে উঠেছে আলোকজ্জ্বল। হিম হিম আবহাওয়ায় শাড়ি-পাঞ্জাবি পরে আসতে শুরু করেন বন্ধুরা। আড্ডা, গল্পগুজবে প্রাণোচ্ছল হয়ে উঠল পুরো মঞ্চ প্রাঙ্গণ। কুয়াশা অন্য দিনের মতো জমেনি, কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘কুয়াশা উৎসবে’ প্রাণে জেগেছিল উষ্ণতার জোয়ার।

৯ জানুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পাশের সপ্তম ছায়ামঞ্চে আয়োজন করা হয় ‘মিডিয়া মিক্স কমিউনিকেশন’স কুয়াশা উৎসব ২০২৩’। উৎসবে জাহাঙ্গীরনগর বন্ধুসভার বন্ধুদের পাশাপাশি ঢাকা মহানগর, জামালপুর, পাবনা, রাজশাহী, ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় ও জাতীয় পরিচালনা পর্ষদের বন্ধুদের অনেকেই অংশগ্রহণ করেন।

সাংস্কৃতিক আয়োজনে শীতের কুয়াশাকে বরণ
ছবি: বন্ধুসভা

‘কুয়াশার নীড়ে জাগাই প্রাণ’ স্লোগানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা সেদিন নাচ-গানসহ নানা সাংস্কৃতিক আয়োজনে শীতের কুয়াশাকে বরণ করে নেয়। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে এই আয়োজন। ছিল পিঠা উৎসব, র‍্যাফেল ড্র, চড়ুইভাতি।

সন্ধ্যার সাংস্কৃতিক আয়োজনের পর রাত সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে শুরু হয় আলোচনা সভা ও জাহাঙ্গীরনগর বন্ধুসভার দায়িত্ব হস্তান্তর। বন্ধুসভার সদ্য বিদায়ী সভাপতি হাসান মাহমুদ নবগঠিত কমিটির সদস্যদের পাশে থাকার অঙ্গীকার জানিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। নবগঠিত কমিটির সভাপতি হামিদা জান্নাত লোকপ্রশাসন বিভাগের এবং সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন ইতিহাস বিভাগের শিক্ষার্থী।

সপ্তম ছায়ামঞ্চে থাকে নানা আয়োজন
ছবি: বন্ধুসভা

আলোচনা সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক অধ্যাপক আলমগীর কবির বলেন, ‘প্রথম আলো বন্ধুসভা ভিন্নধর্মী কাজ করে আসছে সব সময়। এই যে কুয়াশা উৎসব, এটাও কিন্তু সম্পূর্ণ ভিন্নধর্মী চিন্তার একটি অংশ। বিশ্ববিদ্যালয়ে ভিন্নধর্মী আয়োজনের এই ধারাবাহিকতা তাঁরা বজায় রাখবে বলে আমার বিশ্বাস।’

বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি উত্তম রায় বলেন, ‘জীবনে সব পেতে হবে, এমন কোনো কথা নেই। দলগতভাবে কাজ করলে সংগঠন সফল হবে। আপনার দলের কোনো সদস্য যদি নেতার চেয়ে মেধাবী হয়, তাহলে ওই দল বা সংগঠন দ্রুত এগিয়ে যেতে পারে। সংগঠন ছাড় দেওয়ার জায়গা, ছাড় না দিলে সংগঠন চলতে পারে না। জাহাঙ্গীরনগর বন্ধুসভা সেই কাজটি করে দেখিয়েছে।’

‘কুয়াশা উৎসবে’ প্রাণে জেগেছিল উষ্ণতার জোয়ার
ছবি: বন্ধুসভা

জাতীয় পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক জাফর সাদিক বলেন, ‘বন্ধুসভার যে উদ্দেশ্য, তা পূরণে আমরা সবাই মিলে একত্রে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধুসভা তার সর্বোচ্চটা দিয়ে সামনে এগিয়ে যাবে। সেরাদের সেরা হয়ে উঠবে।’

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর বন্ধুসভার উপদেষ্টা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্যুরিজম বিভাগের প্রধান মাহবুব পারভেজ, প্রথম আলোর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মাইদুল ইসলাম, মিডিয়া মিক্স কমিউনিকেশনের সিইও আব্দুল্লাহ হাসান, জাহাঙ্গীরনগর বন্ধুসভার সাবেক সভাপতি রিদিতা তাহসিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শেখ আরমান, ঢাকা মহানগর বন্ধুসভার সহসভাপতি নেওয়াজুল মাওলা প্রমুখ।

বন্ধুসভার এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করেছে জনপ্রিয় ব্রান্ড অক্টর, ইনফার্নো এবং হ্যাপি ভেঞ্চারস গ্রুপ।