কখন বুঝবেন চাকরি ছাড়ার সময় হয়েছে
রাফি (ছদ্মনাম) ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। কাজটা তাঁর পছন্দের, বেতনও মোটামুটি ভালো। কিন্তু অফিসে একটা অলিখিত নিয়ম চালু আছে; কাজই সবার আগে। নিয়মে লেখা ছুটির সময় বিকেল পাঁচটা, কিন্তু সন্ধ্যা ছয়টা-সাতটা পর্যন্ত বসে থাকাই সেখানে স্বাভাবিক। হঠাৎ জরুরি কাজ এলে শুক্রবারেও ডাক পড়ে, আগে থেকে কিছু জানানো হয় না। কারও কোনো পরিকল্পনা থাকল কি না, সেটা কেউ ভাবে না।
একদিন রাফি সাহস করে বিষয়টা বসকে বললেন। জবাবে সবার সামনে ধমক জুটল, আর ব্যাপারটা এককথায় উড়িয়ে দেওয়া হলো। অফিসে কর্মী আসে আর যায়। নিজের কাজের সময় বা সিদ্ধান্ত নিয়ে কথা বলার সুযোগ প্রায় কারও নেই। এমন অবস্থায় প্রশ্নটা উঠবেই—থেকে যাবেন, নাকি ছাড়বেন? উত্তর খুঁজতে আগে একটা ধারণা বুঝে নেওয়া দরকার।
মানসিক নিরাপত্তা কী
ধারণাটি নিয়ে ব্যাপক গবেষণা করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এমি এডমন্ডসন। তাঁর সংজ্ঞায়, মানসিক নিরাপত্তা হলো দলের সদস্যদের এমন একটি যৌথ বিশ্বাস যে ভিন্নমত বা উদ্বেগের কথা বললে শাস্তি বা প্রতিশোধের ভয় নেই। এই পরিবেশে মানুষ প্রশ্ন করতে পারে, সাহায্য চাইতে পারে, কিছু ভুল হলে তা থেকে শিখতে পারে। ১৯৯৯ সালে ৫১টি কর্মদলের ওপর করা তাঁর মূল গবেষণায় দেখা যায়, মানসিক নিরাপত্তা আছে এমন দলে সদস্যরা বেশি শেখে। তাঁরা মতামত চায়, ভুল নিয়ে আলোচনা করে, সাহায্য চায়। এগুলো দৈনন্দিন কাজেরই অংশ, আর এভাবেই মানুষ কাজটা ভালোভাবে করতে শেখে।
কিন্তু কর্মস্থলে মানসিক নিরাপত্তা না থাকলে কী হয়? তার ওপর যদি কাজ আর ব্যক্তিগত জীবনের মধ্যে কোনো সীমারেখাই না থাকে? কখন চাকরিতে টিকে থাকবেন, আর কখন সরে যাওয়ার সময় হয়েছে, বুঝবেন কীভাবে? কয়েকটি প্রশ্ন সিদ্ধান্ত নিতে সাহায্য করতে পারে।
সমস্যার কথা বললে কী হয়
আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা কি মন দিয়ে শোনেন, প্রশ্ন করেন? নাকি সঙ্গে সঙ্গে বিদ্রূপ, রাগ কিংবা প্রতিশোধের পথে হাঁটেন? কেউই নিখুঁত নন। সদিচ্ছা থাকলেও সমালোচনা শোনা নেতাদের জন্য সহজ নয়। কিন্তু ভেবে দেখার সময় পাওয়ার পর কি তিনি বিষয়টিতে ফিরে আসেন? নাকি ব্যাপারটা শেষ হয় অবহেলা, দায় এড়ানো বা প্রতিশোধে?
বদলের কোনো লক্ষণ আছে কি
সমস্যার কথা তোলার পর কর্তৃপক্ষ কি কিছু করে? আচরণে কি টেকসই পরিবর্তন আসে, নাকি কেউ চাকরি ছাড়ার হুমকি দিলে শুধু মুখের আশ্বাস মেলে? বিশ্ববিদ্যালয়, সরকারি দপ্তর বা বড় প্রতিষ্ঠানে বদল ধীরে আসে, এটা ঠিক। বিশেষ করে সিদ্ধান্ত যেখানে সবাই মিলে নিতে হয়, সেখানে নীতি বা নিয়ম রাতারাতি বদলাবে, এমন আশা করা যায় না। তবে প্রশ্ন হলো, চাকা কি অন্তত একটু নড়েছে? বদল কত দ্রুত হচ্ছে, সেটা জরুরি। কিন্তু আদৌ কিছু নড়ছে কি না, সেটা আরও জরুরি।
প্রতিষ্ঠানের ভেতরে কী বিকল্প আছে
অন্য কোনো বিভাগ বা শাখায় বদলি নিয়ে কি এই অস্বস্তিকর পরিবেশ থেকে বেরোনো যায়? দল বা দায়িত্ব বদলে অন্য মানুষের সঙ্গে কাজ করা কিংবা অন্য কারও অধীনে যাওয়ার সুযোগ আছে কি? এমন কেউ আছেন কি, যিনি পাশে দাঁড়াতে পারেন, যেমন অন্য কোনো কর্মকর্তা, যিনি মধ্যস্থতা করতে পারবেন?
থেকে গেলে কী হারাচ্ছেন
খারাপ চাকরির মাশুল গুরুত্ব দিয়ে দেখার কারণ গবেষণাতেই আছে। ২০১৩ সালে শিনস ও শিলিংয়ের একটি মেটা-বিশ্লেষণে দেখা গেছে, ক্ষতিকর নেতৃত্বের সঙ্গে কর্মীর মানসিক সুস্থতা কমে যাওয়া, কাজের মান পড়ে যাওয়া এবং চাকরি ছেড়ে দেওয়ার ইচ্ছা বাড়ার সম্পর্ক আছে। কঠিন কর্মপরিবেশের প্রভাব শুধু বসের ওপর বিরক্তিতেই থেমে থাকে না।
হিসাব করুন আত্মবিশ্বাস, শারীরিক ও মানসিক স্বাস্থ্য, সম্পর্ক, আর যে কাজ করে আপনার ভালো লাগে সেই সুযোগের কথা। কাজটা যদি সত্যিই ভালোবাসেন, তাহলে মাঝেমধ্যে রাত করে অফিস করা বা বসের কখনো কখনো রূঢ় আচরণ মেনে নিতে পারেন। কিন্তু চাকরি যদি আত্মসম্মান ক্ষয় করে দেয়, আর বাধ্যতামূলক বাড়তি সময়ের কারণে পারিবারিক অনুষ্ঠান, বন্ধুদের আড্ডা বা দাওয়াত বারবার বাদ পড়ে সম্পর্কে ফাটল ধরে, তাহলে ভাবা দরকার, জীবনের ওপর সব মিলিয়ে কতটা চাপ পড়ছে।
চাকরি ছাড়া কখনোই সহজ নয়। বিশেষ করে যদি সেটা স্বপ্নের চাকরি হয় কিংবা বাজারে চাকরির সুযোগ কম থাকায় বিকল্প সীমিত মনে হয়। আবার ছাড়ার সময় হয়েছে বুঝতে পারা মানেই এই না যে এখনই ছাড়তে পারবেন। অনেক সময় এর অর্থ শুধু বিকল্পগুলো খুঁজে দেখা শুরু করা আর একটা পরিকল্পনা করা।
সমস্যার প্রথম আভাসেই চাকরি ছেড়ে দেওয়া ঠিক নয়। নিরাপদ ও যুক্তিসংগত হলে ঊর্ধ্বতন কর্মকর্তা আর প্রতিষ্ঠানকে সব ঠিক করার সুযোগ দেওয়া ভালো। কিন্তু আপনার কথা যদি গুরুত্ব না পায়, আর অর্থবহ বদলের আশা ক্ষীণ হয়, তাহলে দুই পাল্লায় মেপে দেখুন। একদিকে চাকরি আপনাকে কী দিচ্ছে: বেতন, উদ্দেশ্য, সুযোগ। অন্যদিকে কী কেড়ে নিচ্ছে: কাজ ও জীবনের ভারসাম্য, আত্মসম্মান, স্বাস্থ্য, সম্পর্ক।
কাজের চাপের ব্যস্ত বা কঠিন সময় আসতেই পারে। কিন্তু পাল্লা যদি সব সময় কাজের দিকেই ঝুঁকে থাকে, আর তার দাম দিতে হয় স্বাস্থ্য ও কাজের বাইরের জীবনকে, তাহলে হয়তো বদলের সময় এসেছে।