মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওয়াইএসএএলআই ফেলোশিপ পেলেন সীমান্ত
যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ইয়াং সাউথ এশিয়ান লিডারস ইনিশিয়েটিভ (ওয়াইএসএএলআই) ফেলোশিপ পেয়েছেন প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার নাজিম সীমান্ত। এর অংশ হিসেবে ‘আমেরিকান এক্সিলেন্স, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড ইনোভেশন’ শিরোনামের একটি এক্সচেঞ্জ প্রোগ্রামে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন তিনি।
গত ৩০ মে থেকে ১৫ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রে এই এক্সচেঞ্জ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে প্রোগ্রাম আয়োজনে সহায়তা করেছে যুক্তরাষ্ট্রের ওমাহার নেব্রাস্কা ইউনিভার্সিটি ও দ্য ইস্ট–ওয়েস্ট সেন্টার।
বর্তমানে শাহরিয়ার নাজিম সীমান্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স করছেন। সম্প্রতি এক্সচেঞ্জ প্রোগ্রাম শেষে দেশে ফিরে এসেছেন তিনি।
এই প্রোগ্রামে দক্ষিণ এশিয়ার সাতটি দেশ (বাংলাদেশ, ভারত, ভুটান, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা) থেকে মোট ৩৮ শিক্ষার্থী সুযোগ পান। বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন ৬ শিক্ষার্থী।
২০২৪ সালের সেপ্টেম্বরে এই প্রোগ্রাম চালু হয়। এটি দক্ষিণ এশিয়ার দেশগুলোর ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণদের নেতৃত্বের সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক নেটওয়ার্ক গড়ে তোলা এবং ক্ষমতায়নের লক্ষ্যে গৃহীত একটি আঞ্চলিক উদ্যোগ। এর উদ্দেশ্য তরুণদের এমনভাবে প্রস্তুত করা, যাতে তাঁরা এ অঞ্চলের অভিন্ন চ্যালেঞ্জগুলো মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখতে পারে।