ঢাকা বিভাগের বিশ্ববিদ্যালয় ও কলেজ বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
অনুষ্ঠিত হলো বন্ধুসভার ঢাকা বিভাগের বিশ্ববিদ্যালয় ও কলেজ পর্যায়ের ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক। ২৫ এপ্রিল বেলা তিনটায় জাতীয় সংগীতের মাধ্যমে বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন ১৬টি বন্ধুসভার প্রায় ১৫৫ জন বন্ধু। বৈঠক সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার অর্থ সম্পাদক নাফিউর রহমান নূর।
শুরুতেই বন্ধুদের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য দেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ। তিনি বন্ধুসভার গঠনতন্ত্র নিয়ে কিছু কথা বলেন। শুদ্ধভাবে জাতীয় সংগীতচর্চার ওপর বিশেষ গুরুত্ব দিয়ে তিনি বন্ধুদের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী থেকে দলনিরপেক্ষ থাকার আহ্বান জানান। বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা বা শেয়ার দেওয়ার বিষয়ে সচেতন হতে বলেন।
মুমিত আল রশিদ আরও বলেন, বন্ধুদের বেশি বেশি মৌলিক কাজ করতে হবে, একে অপরের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি করতে হবে, করোনা মহামারিতে মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। তিনি বন্ধুদের লেখালেখির ব্যাপারে উদ্বুদ্ধ করেন। গল্প, কবিতা, ফিচার এসব নিয়ে ছোট ছোট ভাঁজপত্র বা লিটল ম্যাগ বের করতে উৎসাহিত করেন।
একে একে প্রতিটি বন্ধুসভার প্রতিনিধিরা তাঁদের বক্তব্য তুলে ধরেন। সবাই তাঁদের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানান। ক্যামব্রিয়ান কলেজ বন্ধুসভা ১৪ ডিসেম্বর ভার্চ্যুয়ালি মোমবাতি প্রজ্বালন করে। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা লালমনিরহাটে এক দুস্থ মহিলাকে ঘর বানিয়ে দেয়। ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বন্ধুসভা পাঠকের জিজ্ঞাসা নামের একটি অনুষ্ঠান ধারাবাহিকভাবে পরিচালনা করার কথা জানায়।
ইস্টার্ন বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা স্বাধীনতার প্রতি ভালোবাসা জানিয়ে ক্যাম্পাসে ৫০টি ফুলের চারা রোপণ করেছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় বন্ধুসভা অষ্টম শ্রেণির ছাত্রকে সহায়তা করেছে। এ ছাড়া করোনার সময়ে খাদ্যসহায়তা, বৃক্ষরোপণ, মাস্ক বিতরণসহ অসংখ্য কাজের কথা উঠে আসে বৈঠকে।
বৈঠক চলাকালে জাতীয় পর্ষদের সাধারণ সম্পাদক মৌসুমী মৌ যুক্ত হয়ে বন্ধুদের উদ্দেশে বলেন, এবারের ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে অন্তত পাঁচ হাজার পরিবারকে সহযোগিতা করতে হবে। জাতীয় পর্ষদের অর্থ সম্পাদক জাফর সাদিক ধর্মীয় বিষয় নিয়ে উন্মাদনা সৃষ্টি করতে নিরুৎসাহিত করেন। জাতীয় পর্ষদের সহসাংগঠনিক সম্পাদক জাবের হায়দার ক্যারিয়ার নিয়ে দিকনির্দেশনা দেন বন্ধুদের।
বৈঠকে যুক্ত ছিলেন জাতীয় পর্ষদের ক্যারিয়ার–বিষয়ক সম্পাদক সাইদুল হাসান। তিনি শুদ্ধ উচ্চারণ ও গুছিয়ে কথা বলা নিয়ে কথা বলেন। এ ছাড়া যুক্ত ছিলেন ঢাকা মহানগর বন্ধুসভার প্রশিক্ষণ সম্পাদক সাইফুল্লাহ সাদেক এবং তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ফরহাদ মল্লিক।
শেষাংশে প্রশ্নোত্তর পর্বে বন্ধুদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেন সভাপতি মুমিত আল রশিদ। তিনি বন্ধুদের নিজ নিজ পরিবারকে নিয়ে সচেতন থাকতে এবং হতাশায় না ডুবে সব সময় উদ্দীপ্ত থাকার আহ্বান জানিয়ে বৈঠকের সমাপ্তি ঘোষণা করেন।