জাককানইবি বন্ধুসভার ‘একজন আলী কেনানের উত্থান পতন’

জাককানইবি বন্ধুসভার ‘একজন আলী কেনানের উত্থান পতন’
ছবি: সংগৃহীত

গুগল মিটের মাধ্যমে অনুষ্ঠিত হলো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্র। ২৪ এপ্রিল শনিবার বেলা তিনটায় এ পাঠচক্রের আসর বসে। এতে সভাপতিত্ব করেন জাককানইবি বন্ধুসভার সভাপতি মানছুরা বিনতে আমিন। উপস্থাপনায় ছিলেন পরিবেশবিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম।

আসর শুরু হয় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শুরু হয় লেখক আহমদ ছফা রচিত উপন্যাস একজন আলী কেনানের উত্থান পতন নিয়ে আলোচনা। আলোচিত উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৮৮ সালে। বইটির প্রচ্ছদ করেছেন সমরেশ মজুমদার।

আলোচনায় বন্ধুরা একজন আলী কেনানের উত্থান পতন কখন, কীভাবে শুরু হয়, কোন সময়ে রচিত হয়, তা নিয়ে সার্বিক আলোচনা করেন। বইটিতে ভোলার তামাপুকুরের একজন সাধারণ মানুষের জীবনের উত্থান–পতন তুলে ধরা হয়েছে। পাশাপাশি স্বাধীনতা–উত্তর এবং পরবর্তী সময়ে বাংলাদেশে জেঁকে বসা মাজার ব্যবসাকেও তুলে ধরা হয়েছে।

পাঠচক্রে বইটি নিয়ে কথা বলেছেন যুগ্ম সাধারণ সম্পাদক নওসাদ আলী, পাঠাগারবিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, বন্ধু নাজমুন, এ বি এম রোকনুজ্জামান, হাবিবা সাদিয়া প্রমুখ। আলোচনায় বন্ধুরা আলী কেনানের জীবনযাপন, মানসিকতা, তাঁর ধর্ম নিয়ে ব্যবসার মতো কপট আচরণ তুলে ধরেন।

পাঠচক্রের দ্বিতীয় পর্যায়ে ছিল উপন্যাসবিষয়ক উপস্থিত সবার জন্য উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। কুইজে বিজয়ী হন এনামুল সেজান, শাকিল আহমেদ, ইমরান, সামিরা সুলতানা ও কাউসার হোসেন।

পাঠচক্রে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাফিয়া ইসলাম, সহসভাপতি মাহমুদুল রাফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, পাঠচক্র সম্পাদক অনামিকা সিংহ, যোগাযোগ সম্পাদক তানভীর আহামেদ প্রমুখ।

পাঠচক্রবিষয়ক সম্পাদক অনামিকা সিংহের সার্বিক ব্যবস্থাপনায় জাককানইবি বন্ধুসভার বন্ধুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হয় ভার্চ্যুয়াল পাঠচক্রের এই আয়োজন।