চবি বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম সম্পন্ন

চবি বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম
ছবি: সংগৃহীত

প্রতিবছর বর্ষার সময় চারপাশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বেড়ে যায়। ফলে অসংখ্য মানুষ অসুস্থ হয়ে পড়ে এবং ক্ষেত্রবিশেষে মৃত্যুবরণও করে। বর্তমান ডেঙ্গু পরিস্থিতির কথা চিন্তা করে প্রথম আলো বন্ধুসভা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বন্ধুরা ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমের উদ্যোগ নিয়েছেন, যাতে যেসব শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দিতে আসছেন, তাঁরা যেন ডেঙ্গু জ্বরে আক্রান্ত না হয়ে পড়েন।

চবি বন্ধুসভা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পতিত জায়গা, ড্রেন ও জমা পানিতে মশা নিরোধক স্প্রে করেছে। ৩১ আগস্ট দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া। তিনি প্রথমে কলা ও মানববিদ্যা অনুষদের সামনের ড্রেনে জমে থাকা পানিতে স্প্রে করেন।

এরপর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন, কলা ও মানববিদ্যা অনুষদ, সমাজবিজ্ঞান অনুষদ, কেন্দ্রীয় লাইব্রেরি প্রাঙ্গণ, জাদুঘর প্রাঙ্গণ, কলা ঝুপড়ি, লেডিস ঝুপড়ি, শহীদ মিনার চত্বর, জিরো পয়েন্টসহ বিভিন্ন স্থানে স্প্রে করা হয়।

চবি বন্ধুসভার ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম
ছবি: সংগৃহীত

প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ‘ডেঙ্গুর প্রাদুর্ভাব বর্তমানে সারা বাংলাদেশে ব্যাপকভাবে বিস্তৃত। আমরা যদি এভাবে সম্মিলিত হয়ে পরিবেশের পরিত্যক্ত জায়গায় জমে থাকা ময়লা ও পানি পরিষ্কার রাখি, তাহলে আমাদের পরিবেশ কখনোই ডেঙ্গুকবলিত স্থানে পরিণত হবে না।’

এ সময় উপস্থিত ছিলেন চবির সহকারী প্রক্টর রামেন্দু পাড়িয়াল, আহসানুল কবির, চবি বন্ধুসভার সাবেক সহসভাপতি মাইনুল হাসান ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন।