চবি বন্ধুসভার ‘উইনিং ইন্টারভিউ স্কিলস’ কর্মশালা
ইন্টারভিউ অনেক শিক্ষার্থীর কাছে আতঙ্কের একটি নাম। আমাদের শিক্ষার্থীরা লেখনীর মাধ্যমে নিজের মনের ভাব যতটা স্বাচ্ছন্দ্যে প্রকাশ করতে পারেন, একই বিষয় নিজের কথার মাধ্যমে সাবলীলভাবে উপস্থাপন করতে পারা তাঁদের জন্য দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায়। ফলে তাঁরা যখন পূর্বপ্রস্তুতি ছাড়া কোনো ইন্টারভিউতে অংশগ্রহণ করেন, তাঁদের ফলাফল আশানুরূপ হয় না।
শিক্ষার্থীদের মধ্যকার এই অহেতুক ভীতি দূর করার উদ্দেশ্যকে সামনে রেখে ২৩ এপ্রিল বেলা ৩টায় জুম অ্যাপের মাধ্যমে ইন্টারভিউ এবং এর খুঁটিনাটি বিভিন্ন বিষয় নিয়ে ওয়েবিনার অন ‘উইনিং ইন্টারভিউ স্কিলস’ শিরোনামে একটি কর্মশালার আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। কর্মশালায় আলোচক হিসেবে ছিলেন এভারকেয়ার হসপিটালের হিউম্যান রিসোর্সেস ম্যানেজার ও এইচআর ডেস্কের সহপ্রতিষ্ঠাতা এমরানুল হক।
কর্মশালায় প্রশিক্ষক শিক্ষার্থীদের পরিচিত করিয়েছেন ইন্টারভিউয়ের বিভিন্ন টুলস সম্পর্কে। প্রস্তুতি কীভাবে নিতে হবে, দক্ষতা কীভাবে অর্জন করা সম্ভব এবং ইন্টারভিউতে করা কিছু সাধারণ প্রশ্ন এবং সেগুলোর উত্তরও জানিয়েছেন তিনি।
কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোকসানা আক্তার ও আদিত্য গোস্বামী। উপস্থাপনায় ছিলেন আফিয়া আনজুম স্মিতা।
কর্মশালাটি সবার জন্য উন্মুক্ত ছিল। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা ছাড়াও বিভিন্ন বন্ধুসভার বন্ধু এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী এই কর্মশালায় যোগ দেন।
আলোচনা শেষে ছিল প্রশ্নোত্তর পর্ব। উপস্থিত শিক্ষার্থীরা ইন্টারভিউ নিয়ে প্রশিক্ষককে বিভিন্ন প্রশ্ন করেন।
প্রশ্নোত্তর পর্ব শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে কর্মশালা শেষ করেন।