গঠনতন্ত্র নিয়ে রাবি বন্ধুসভার পাঠচক্র

রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার আয়োজনে অনুষ্ঠিত হলো ‘বন্ধুসভার গঠনতন্ত্র’ ভার্চ্যুয়াল পাঠচক্র। রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার কমিটির সদস্যদের নিয়ে ১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যায় গুগল মিটের মাধ্যমে ভার্চ্যুয়াল এই পাঠচক্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাধারণ সম্পাদক শাদমান সাকিব। গঠনতন্ত্রের সংক্ষিপ্ত ব্যাখ্যা, বন্ধু হিসেবে আমাদের করণীয়, আত্মোন্নয়ন ও তরুণদের কেন বন্ধুসভায় আসা উচিত—এসব বিষয়ে বক্তব্য দেন তিনি। শাদমান সাকিব বলেন, ‘দীর্ঘ সময়ে বন্ধুসভার এ যাত্রায় আমাদের অনেক বাধা-বিপত্তির সম্মুখীন হতে হয়েছে, কিন্ত বন্ধু পরিচয়ে আজ আমরা পুরো দেশের কাছে গর্ব অনুভব করি।’

পাঠচক্রবিষয়ক সম্পাদক রাইসা রাখসান্দার সঞ্চালনায় অনুষ্ঠিত পাঠচক্রে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সিফাত হোসেন, সহসভাপতি মিথিলা বিনতে মতিন, নারীবিষয়ক সম্পাদক রহিমা সিদ্দীকা, সমাজকল্যাণ সম্পাদক আবু সাদাত বাঁধন, অনুষ্ঠানবিষয়ক সম্পাদক জাহিদ হাসান, বিজ্ঞানবিষয়ক সম্পাদক নয়ন চন্দ্র দাস, মেহেদী হাসান প্রমুখ।

আলোচনায় বন্ধুসভার গঠনতন্ত্রের নানা খুঁটিনাটি দিক উঠে আসে। পাঠচক্রে সমাপনী বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সভাপতি তারিফ হাসান মেহেদী। তিনি গঠনতন্ত্রের সারমর্ম উল্লেখপূর্বক বন্ধুসভার লক্ষ্য, উদ্দেশ্য, দায়িত্ব ও কর্তব্য বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন। তিনি বলেন, নিজেকে উন্নততর মানুষ হিসেবে গড়ে তোলা প্রত্যেক তরুণের বড় কর্তব্য। বন্ধুসভা তরুণদের মধ্যে মানবিক মূল্যবোধ সঞ্চার করতে চায়। নিজেকে গড়ে তোলার ও মানবিক কল্যাণে কাজ করার একটি বড় মঞ্চ বন্ধুসভা।

প্রশিক্ষণবিষয়ক সম্পাদক, রাজশাহী বিশ্ববিদ্যালয় বন্ধুসভা