খুলনা বিভাগের বন্ধুদের নিয়ে বন্ধুসভার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত
প্রথম আলো বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের আয়োজনে ও ঢাকা মহানগর বন্ধুসভার সহযোগিতায় অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় ভার্চ্যুয়াল সাংগঠনিক বৈঠক ২০২১। ২১ এপ্রিল বেলা তিনটায় অনুষ্ঠিত সাংগঠনিক বৈঠকে অংশ নেন খুলনা বিভাগের ১৪টি বন্ধুসভার বন্ধুরা। অংশগ্রহণকারী বন্ধুসভাগুলো হলো খুলনা, বাগেরহাট, ঝিনাইদহ, সাতক্ষীরা, কুষ্টিয়া, কেশবপুর, চুয়াডাঙ্গা, মোংলা, নড়াইল, যশোর, মাগুরা, মেহেরপুর, খুলনা বিশ্ববিদ্যালয় ও শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বন্ধুসভা। জুম ক্লাউড মিটিং অ্যাপের মাধ্যমে অনুষ্ঠিত বৈঠকে ১১৩ জন বন্ধু অংশগ্রহণ করেন।
জাতীয় সংগীতের মাধ্যমে বৈঠক শুরু হয়। বন্ধুরা যাঁর যাঁর অবস্থানে দাঁড়িয়ে জাতীয় সংগীতে অংশ নেন। বৈঠকে উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি ড. মুমিত আল রশিদ, সাংগঠনিক সম্পাদক প্রিন্স শাহ আলম, ক্যারিয়ার ও জীবনমান উন্নয়নবিষয়ক সম্পাদক সাইদুল হাসান, অনুষ্ঠান সম্পাদক চৈতী চক্রবর্তী, ঢাকা মহানগর বন্ধুসভার সাধারণ সম্পাদক রুকাইয়া জহির, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ান মাহমুদ প্রমুখ।
মুমিত আল রশিদ তাঁর বক্তব্যে বন্ধুসভার গঠনতন্ত্রের বৈশিষ্ট্য ও মূল বিষয়গুলো তুলে ধরেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা অবলম্বন ও বিভিন্ন প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
বৈঠকে প্রতিটি বন্ধুসভার একজন করে প্রতিনিধি তিন মিনিট বক্তব্য দেওয়ার সুযোগ পান। বন্ধুরা তাঁদের বিভিন্ন কার্যক্রম, সাংগঠনিক অভিজ্ঞতা, বন্ধুসভা নিয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনা ও প্রত্যাশার কথা ব্যক্ত করেন।
বৈঠকে জাতীয় পরিচালনা পর্ষদ এবং ঢাকা মহানগর বন্ধুসভার পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেন সাইদুল হাসান ও রেদওয়ান মাহমুদ।
বৈঠকের শেষাংশে ছিল প্রশ্নোত্তর পর্ব। এই পর্বে বন্ধুদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জাতীয় পরিচালনা পর্ষদের সভাপতি মুমিত আল রশিদ।
বৈঠকটি সঞ্চালনা করেন ঢাকা মহানগর বন্ধুসভার ক্রীড়াবিষয়ক সম্পাদক রাহাত আহমেদ তালুকদার।