কাতারে বন্ধুসভার পরিচ্ছন্নতা কার্যক্রম
প্রথম আলো বন্ধুসভা কাতার শাখার সদস্যদের উদ্যোগে কাতারের উত্তর সীমান্তবর্তী শামাল শহরে সাগরসৈকত পরিচ্ছন্নতা কার্যক্রম কর্মসূচি পালিত হয়েছে। গত শুক্রবার বিকেলে দোহা থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে সাগরসৈকতে এই কর্মসূচি পালিত হয়।
দোহা এনভায়রনমেন্টাল অ্যাকশনস প্রজেক্টের সঙ্গে যৌথভাবে শামাল বিচের ২৩২ জুবারা পয়েন্টে সমুদ্রতীরের বিভিন্ন অংশে পরিচ্ছন্নতার কাজে অংশ নেন বন্ধুসভার ২০ সদস্য। করোনাভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে কাতার সরকারের গৃহীত নীতি অনুসারে সীমিত পরিসরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
কাতার বন্ধুসভার এই আয়োজনে সার্বিক তদারকি করেন আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্যসচিব আবজল আহমদ। উপদেষ্টা তামীম রায়হানসহ এই কর্মসূচিতে অংশ নেন মো. নাহিদ ইসলাম, বোরহানউদ্দীন, শাকিল আহমদ, মোহাম্মদ নাসিম, আহসান হোসাইন, সিফাত খান, মো. হারেছ, সাজেদুল মাওলা, শাহজালাল, কামরুল হুদা, মোহাম্মদ সালমান, ফরহাদ মিয়া, রাতুল মিয়া, ইসমাইল আলী, নাইম হোসাইন, নুরুল আবছার প্রমুখ।
পরিচ্ছন্নতা কর্মসূচি শেষে বারবিকিউ উৎসবের আয়োজন করা হয়। প্রাণখোলা আড্ডা ও সম্মিলিত কণ্ঠে গানসহ নানান রকম বিনোদনমূলক আয়োজনে আনন্দমুখর সময় কাটান বন্ধুসভার বন্ধুরা।
প্রবাসে কর্মব্যস্ত জীবনে বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও কাতারের পরিবেশ সুরক্ষার এমন চমৎকার কাজে অংশ নিতে পেরে গর্বিত প্রথম আলো বন্ধুসভা কাতার শাখার সদস্যরা।
এই আয়োজনের পরিবহন সহযোগিতায় ছিলেন কাতারের তরুণ ব্যবসায়ী ও উদ্যোক্তা রাকিবুল হাসান।