‘জুব্বার কাপড়টা খুব সুন্দর, নরম!’

ড্যাফোডিল বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

সবার মধ্যে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে ড্যাফোডিল বন্ধুসভা। এর অংশ হিসেবে ১৩ মার্চ সাভারের আশুলিয়া ইউনিয়নের আউকপাড়া গ্রামের তানজিমুল কুরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানায় এ কর্মসূচির আয়োজন করেন বন্ধুরা।

এ এতিমখানায় প্রায় ৬৫ জন এতিম শিশু রয়েছে। ঈদে তাদের পরিধানের জন্য জুব্বা বানাতে ২০০ গজ কাপড় উপহার দেন বন্ধুরা। তার আগে এতিমখানার সহকারী শিক্ষক হেলাল উদ্দিনের কাছ থেকে বন্ধুরা জেনে নেন চাহিদার কথা। সে অনুযায়ী কাপড় কেনা হয়।

তানজিমুল কোরআন হাফিজিয়া দাখিল মাদ্রাসা ও এতিমখানার মহাপরিচালক মুফতি আবু নাসের বলেন, ‘আপনারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এই এতিম বাচ্চাদের যা উপহার দেবেন, আল্লাহ–তাআলা সেই উপহার কবুল করে নিক।’

ড্যাফোডিল বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

বন্ধু রিজভী আমিন উপস্থিত শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন। একজন এতিম শিশু বলে, ‘জুব্বার কাপড়টা খুব সুন্দর, নরম! আমার ভালো লেগেছে।’
আরেক শিক্ষার্থী বলে, ‘আমাদের কাছে ঈদের সময় আপনারাই পরিবার। সংগঠনের ভাইয়ারা ছাড়া আমাদের কেউ খোঁজ নিতেও আসে না।’

ড্যাফোডিল বন্ধুসভার সভাপতি মুসাভভির সাকির বলেন, ‘দেশ ও দেশের বাইরে মিলে ১৪৬টি বন্ধুসভা রয়েছে। সবাই সহমর্মিতার ঈদ আয়োজন করছে। আপনারা আমাদের প্রতিবেশী, ড্যাফোডিল বন্ধুসভার কাছে আপনাদের হকই সবার আগে।’

নতুন কাপড়ের পাশাপাশি সব শিক্ষার্থীর জন্য একটি করে রেহাল উপহার দেওয়া হয়।

সভাপতি, ড্যাফোডিল বন্ধুসভা