‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ অনুষ্ঠানের আয়োজন করেছে চুয়াডাঙ্গা বন্ধুসভা। ৩১ মার্চ বেলা ১১টায় জেলা শহরের ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চবিদ্যালয় মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা শিক্ষা কর্মকর্তা জেসমিন আরা খাতুন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবেশ উদ্দিন, সাবেক জেলা ইউনিট কমান্ডার আবু হোসেন এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম। তাঁরা শিক্ষার্থীদের সামনে মুক্তিযুদ্ধকালীন বিভিন্ন ঘটনার স্মৃতিচারণা করেন।
চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম।
এর আগে মুক্তিযুদ্ধবিষয়ক ৩০টি বহুনির্বাচনী প্রশ্নের ওপর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ভিক্টোরিয়া জুবিলী সরকারি উচ্চবিদ্যালয়, আদর্শ উচ্চবিদ্যালয়, ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ১০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।