শিক্ষার্থীদের নিয়ে স্বপ্ন দেখার উৎসব

জামালপুরে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানছবি: বন্ধুসভা

‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানে জামালপুরে অনুষ্ঠিত হলো ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম শিখোর পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর আয়োজনে ২৪ সেপ্টেম্বর শহরের শহীদ সাফওয়ান সদ্য মাল্টিপারপাস অডিটোরিয়াম চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয়। সহযোগী হিসেবে ছিল জামালপুর বন্ধুসভা।

জামালপুর বন্ধুসভার কর্মযজ্ঞ
উৎসবের দিন সকাল থেকেই শহীদ সাফওয়ান সদ্য অডিটোরিয়াম প্রাঙ্গণে জামালপুর বন্ধুসভার বন্ধুদের দায়িত্বশীল ও সুশৃঙ্খল উপস্থিতি লক্ষ করা যায়। জেলাজুড়ে ছড়িয়ে থাকা ছয় শতাধিক কৃতী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের আনন্দমুখর পদচারণে মুহূর্তেই মুখরিত হয়ে ওঠে প্রাঙ্গণ। এত বড় জমায়েত সামলাতে বন্ধুসভার বন্ধুরা নির্দিষ্ট উপকমিটিতে বিভক্ত হয়ে শৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের অভ্যর্থনা জানানো, নিবন্ধন ডেস্ক নিখুঁতভাবে পরিচালনা, অডিটোরিয়ামে আসন বণ্টন এবং শিক্ষার্থীদের উপহারসামগ্রী সুবিন্যস্ত রাখার কাজে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করেন। চত্বরে স্থাপিত ‘প্রথম আলো এক্সপেরিয়েন্স জোন’, ফটো ফ্রেম এবং ডিজিটাল বুথে শিক্ষার্থীদের আনন্দঘন মুহূর্তে দিকনির্দেশনা ও সার্বিক সহায়তা করেন বন্ধুরা।

জামালপুর বন্ধুসভার বন্ধুদের সাংস্কৃতিক পরিবেশনা
ছবি: বন্ধুসভা

মূল আলোচনা ও অতিথিদের দিকনির্দেশনা
বেলা ১১টার দিকে জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে মূল কার্যক্রম শুরু হয়। প্রথম আলো জামালপুরের প্রতিনিধি আবদুল আজিজের প্রারম্ভিক বক্তব্যের পর জামালপুর বন্ধুসভার বন্ধু তৌহিদুল ইসলামের সঞ্চালনায় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যক্ষ মো. আবদুল হাই আলহাদী বলেন, ‘আমরা ব্রহ্মপুত্র, যমুনা, ঝিনাই, জিনজিরাম আর কড়ইবোড়ের পারের সন্তান। এই নদীগুলোর মতোই আমাদের চরিত্র হওয়া উচিত। কখনো বাধা পেলে থেমে না গিয়ে নতুন পথ খুঁজে নেওয়া, আর নিজের মাটিকে উর্বর করে যাওয়া।’ তিনি বলেন, ‘সমাজ দিনশেষে কেবল দুটি জিনিস দিয়ে তোমাকে বিচার করবে—তোমার দক্ষতা এবং তোমার ভেতরের সততা ও হৃদয়বত্তা।’

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের বিষয়ে শিক্ষার্থীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রথম আলোর উপবার্তা সম্পাদক কাজী আলিম-উজ-জামান বলেন, ‘তোমরা এআইয়ের সহযোগিতা নেবে, কিন্তু কোনোভাবেই এআইয়ের দাসত্ব বা বশ্যতা স্বীকার করা যাবে না।’

অনুষ্ঠানে শিক্ষার্থীদের দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতায় উদ্বুদ্ধ করতে মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম মাদক, মিথ্যা ও মুখস্থবিদ্যাকে ‘না’ বলার শপথ পাঠ করান। তিনি বলেন, ‘মাদকের ভয়াবহ গ্রাস থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা করতে সবাইকে একজোট হয়ে রুখে দাঁড়াতে হবে।’

অনুষ্ঠান শেষে জামালপুর বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

সংগ্রামের গল্প ও অনুপ্রেরণামূলক ক্ষণ
অনুষ্ঠানের অন্যতম অংশ ছিল শিক্ষার্থীদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ পর্ব। দেওয়ানগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী নৈশিন জাহান তার বাস্তব ও কঠিন সংগ্রামের গল্প তুলে ধরে। অসুস্থ বাবার সংসার, পারিবারিক চরম অর্থনৈতিক সংকট আর স্বজনদের সহযোগিতায় গ্রাম থেকে অর্জিত এই সাফল্য উপস্থিত সব অতিথি, শিক্ষার্থী ও অভিভাবকদের চোখ ভিজিয়ে দেয়।

শিক্ষার্থীদের প্রাপ্তি ও মেধার স্বীকৃতি
শিক্ষার্থীকে দেওয়া হয় সম্মাননা ক্রেস্ট, ডিজিটাল সার্টিফিকেট, বিনা মূল্যে এআই কোর্স এবং কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা পত্রিকার ছয় মাসের সাবস্ক্রিপশনে বিশেষ ছাড়।

সাংস্কৃতিক নৈবেদ্য ও অতিথি উপস্থিতি
অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে জামালপুর বন্ধুসভার বন্ধুদের নিজেদের পরিবেশনায় মঞ্চস্থ হয় আকর্ষণীয় আবৃত্তি, নৃত্য ও সংগীত। নান্দনিক সাংস্কৃতিক পরিবেশনায় পুরো অডিটোরিয়ামে উৎসবের আনন্দ ছড়িয়ে পড়ে। দ্বিতীয় পর্বে কণ্ঠশিল্পী সাদিকুর রহমান সংগীত পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করেন। শেষে অনলাইনে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী ১০ শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের সহকারী অধ্যাপক মো. মোজাহিদুর রহমান ও মো. রাশেদুল ইসলাম, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক হিসাব আল মাহমুদ এবং জামালপুর জেলা স্কুলের সহকারী শিক্ষক মো. মিনজাহুল আবেদীন।

সহসাংগঠনিক সম্পাদক, জামালপুর বন্ধুসভা