‘আগামী কয়েক মাস পড়ার খরচ নিয়ে ভাবতে হবে না’

রায়গঞ্জ বন্ধুসভার উদ্যোগে অদম্য মেধাবী তানজিলা খাতুনকে ঈদের উপহার হিসেবে পড়াশোনার জন্য অর্থ প্রদান করা হয়ছবি: বন্ধুসভা

ঈদুল ফিতর উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অদম্য মেধাবী তানজিলা খাতুনকে অর্থসহায়তা প্রদান করা হয়েছে। ১৫ মার্চ দুপুরে উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কয়ড়া গ্রামে তানজিলাদের বাড়িতে উপস্থিত হয়ে এ সহায়তা তুলে দেন রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

তানজিলা খাতুন অর্থসহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বন্ধুসভার এ উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আগামী কয়েক মাস পড়ার খরচ নিয়ে ভাবতে হবে না। তবে বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করতে একটি বৃত্তি পাওয়া গেলে খুবই ভালো হতো।’

তানজিলার মা হোসনে আরা বেগম বন্ধুসভার এ উপহারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁর দাদা জমশের আলী ঈদের আগে নাতনিকে সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানান।

তানজিলা খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে রায়গঞ্জ বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ সময় উপস্থিত ছিলেন উচ্চমাধ্যমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার অতিরিক্ত পরিচালক খ ম রেজাউল করিম, রায়গঞ্জ বন্ধুসভার সাধারণ সম্পাদক মোস্তফা আলমগীর খান, সাবেক সভাপতি ও কুড়মালি ভাষার লেখক উজ্জ্বল কুমার মাহাতো, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সদস্য সুমন পাল, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।

রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলাম বলেন, ঈদুল ফিতরের আগে এমন একজন অদম্য মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়াতে পেরে আমরাও খুশি। এ ধারা অব্যাহত রাখার জন্য বন্ধুসভার সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, তানজিলা খাতুন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে তিনি সেখানে ভর্তি হন।