প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক সন্ধ্যা

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তিছবি: বন্ধুসভা

প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘অটল ২৮’ প্রতিপাদ্যে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। গান, নৃত্য ও কবিতার মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানে তুলে ধরা হয় বরিশালের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সৌন্দর্য। তারুণ্যের উচ্ছ্বাস, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। ৬ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এটি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সূচনা হয় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে। স্বাগত বক্তব্য দেন বন্ধুসভার পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে অতিথিদের অভ্যর্থনা জানানো হয় এবং সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিকতা এগিয়ে যায়।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার সাংস্কৃতিক অনুষ্ঠান
ছবি: বন্ধুসভা

বন্ধুসভার উপদেষ্টা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম বলেন, ‘প্রথম আলো শুধু একটি গণমাধ্যমই নয়, এটি নানান সামাজিক আন্দোলনে ভূমিকা রাখা একটি প্ল্যাটফর্ম। প্রথম আলো যা কিছু ভালো, তার সঙ্গে; সত্য, তথ্য ও আগামী দিনেও অটুট থাকবে, প্রতিষ্ঠাবার্ষিকীতে এই প্রত্যাশা।’ তিনি প্রথম আলোর সামাজিক দায়বদ্ধতা ও ইতিবাচক কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় থাকার প্রত্যাশা ব্যক্ত করেন।

বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক প্রজ্ঞা পারমিতা বোস তরুণদের সত্য, সুন্দর ও শুভর পথে অবিচল থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘তোমরা তরুণেরা সবাই অটল। যা কিছু সত্য, সুন্দর ও শুভ, তাতে তোমরা সদা অটল থাকো। শিকড়কে ভুলে না গিয়ে নিজেদের ঐতিহ্য ও সংস্কৃতিকে গাছের শাখা-প্রশাখার মতো সব জায়গায় ছড়িয়ে দাও।’
প্রজ্ঞা পারমিতার বক্তব্যে দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা, ঐতিহ্য সংরক্ষণ এবং তরুণদের সাংস্কৃতিক চর্চায় এগিয়ে আসার গুরুত্ব উঠে আসে।

অনুষ্ঠান শেষে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডা. চন্দনা সরকার বন্ধুসভার সাংস্কৃতিক ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘বন্ধুসভার তরুণেরা আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে যে অনন্যধর্মী সব আয়োজন করে, তাতে আমরা মুগ্ধ হই। প্রথম আলো যে এ রকম একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে, যা দেশের মানবসম্পদ উন্নয়নের পথে অন্যতম সহায়ক, তাতে প্রথম আলোর প্রতি আমরা সবাই আস্থায় অটল থাকি।’

বক্তব্য পর্ব শেষে শুরু হয় সাংস্কৃতিক পরিবেশনা। বন্ধুসভার বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে গান, নৃত্য ও কবিতা আবৃত্তির পরিবেশনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে। পরিবেশনায় অংশ নেন হিতৈষী, রিশতা, হনুফা, রিমু, সাইফ, ফারজানা, মিশরী, রফিক, আশিক, পার্থ, জাগ্রত, সারাফাত, মাহমুদ, নাহিদসহ বন্ধুসভার অন্যান্য বন্ধুরা। সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সাইফ উদ্দিন।

সাংগঠনিক সম্পাদক, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা