বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ‘গোরা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে রংপুর বন্ধুসভা। ৫ সেপ্টেম্বর বিকেলে প্রথম আলো রংপুর অফিসে এটি অনুষ্ঠিত হয়। পাঠচক্র শেষে সাংগঠনিক বৈঠকে অংশ নেন বন্ধুরা।
পাঠচক্রে উপন্যাসের কাহিনি, চরিত্র, সমাজব্যবস্থা, ধর্ম, জাতিগত পরিচয়, দেশপ্রেম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের লেখনশৈলী নিয়ে অংশগ্রহণকারীরা নিজেদের মতামত তুলে ধরেন। পাশাপাশি উপন্যাসটি পড়ার অভিজ্ঞতা ও বইটি থেকে পাওয়া বিভিন্ন উপলব্ধি নিয়েও আলোচনা হয়।
সাংগঠনিক বৈঠকে বন্ধুসভার নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সামনে অনুষ্ঠেয় জিপিএ-৫ সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে বিশেষভাবে আলোচনা করা হয়। প্রথম আলোর উদ্যোগে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার এ আয়োজন সফল করতে বন্ধুসভার সদস্যদের মধ্যে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয়। অনুষ্ঠানের আগে ও অনুষ্ঠানের দিন কে কোন দায়িত্ব পালন করবেন, কীভাবে কাজগুলো সমন্বয় করা হবে এবং প্রত্যেকে কীভাবে নিজ নিজ দায়িত্ব পালন করবেন, এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনা, শিক্ষার্থীদের সহযোগিতা, অতিথিদের সহযোগিতা, অনুষ্ঠানস্থলের বিভিন্ন কাজসহ প্রয়োজনীয় দায়িত্বগুলো সদস্যদের মধ্যে ভাগ করে দেওয়া হয়। অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে রংপুর বন্ধুসভার প্রতিনিধি আলতাফ হোসেন দুলাল উপস্থিত ছিলেন। তিনি বন্ধুসভার বিভিন্ন কার্যক্রম ও সদস্যদের কাজ সম্পর্কে আলোচনা করেন এবং সামনে অনুষ্ঠেয় কর্মসূচি সফল করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
বন্ধু, রংপুর বন্ধুসভা