সাহিত্য–সংস্কৃতিচর্চা চিন্তা ও মূল্যবোধ সমৃদ্ধ করে

অনুষ্ঠান শেষে অতিথিদের সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার বন্ধুরাছবি: সাইফ উদ্দিন

বিশ্ববিদ্যালয় শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জনের জায়গা নয়, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীলতা বিকাশেরও ক্ষেত্র। সাহিত্য–সংস্কৃতিচর্চা শিক্ষার্থীদের চিন্তা ও মূল্যবোধ সমৃদ্ধ করে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকা প্রয়োজন।

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ‘কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬’–এর পুরস্কার বিতরণী ও নবীনবরণে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন উপাচার্য প্রফেসর মো. মামুন অর রশীদ। ১৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানের শুরুতেই নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়জীবনের নতুন অধ্যায়ে নবীনদের স্বাগত জানিয়ে তাঁদের মেধা, মনন, সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধের বিকাশে সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা। বক্তব্য দেন বন্ধুসভার উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক হেনা রানী বিশ্বাস, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. খোরশেদ আলম, সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক আবু জিহাদ ও আইন বিভাগের সহকারী অধ্যাপক আলমগীর হোসেন।

অতিথিদের সঙ্গে পুরস্কার হাতে ‘কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ২০২৬’ বিজয়ীরা
ছবি: সাইফ উদ্দিন

উপদেষ্টা হেনা রাণী বিশ্বাস বলেন, কবিতা মানুষের অনুভূতি ও চিন্তা প্রকাশের অন্যতম মাধ্যম। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের আত্মবিশ্বাস তৈরিতে ভূমিকা রাখে।

উপদেষ্টা মো. খোরশেদ আলম বলেন, ‘শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ। কবিতা আবৃত্তি প্রতিযোগিতার মতো আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা প্রকাশের সুযোগ তৈরি করে। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা করি।’

এর আগে গত আগস্ট মাসে অনলাইনে অনুষ্ঠিত হয় এ প্রতিযোগিতা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কবিতা আবৃত্তির ভিডিও করে পাঠান। সেখান থেকে নির্বাচিতদের আবৃত্তি প্রকাশিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার ফেসবুক পেজে। সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার চর্চাকে আরও বেগবান করার প্রত্যয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় বলে জানান বন্ধুরা।

অনুষ্ঠানে নবীনদের বরণ করে নেওয়ার পাশাপাশি কার্যনির্বাহী কমিটি ২০২৫-এর সভাপতি ও সাধারণ সম্পাদককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এরপর কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক, মেডেল, বই ও সনদপত্র তুলে দেন অতিথিরা।

সভাপতি, বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা