প্রথম আলোর কাছে প্রত্যাশা, তারা সত্য প্রকাশে অবিচল থাকবে

জেলা শহরের পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন অনুষ্ঠানে বক্তব্য দেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়াছবি: প্রথম আলো

‘জেগেছে বাংলাদেশ’ ও ‘সত্যে তথ্যে ২৬’ স্লোগানে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শেরপুরে প্রথম আলোর ২৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হয়েছে। এ উপলক্ষে ৮ নভেম্বর শেরপুর বন্ধুসভার উদ্যোগে জেলা শহরের পাতাবাহার খেলাঘর আসর মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া বলেন, ‘প্রথম আলো বরাবর ভালো জিনিসটাকে তুলে ধরে। সত্য কথাকে প্রকাশ করে। বিগত সরকারের রক্তচক্ষুকে উপেক্ষা করে প্রথম আলো সত্যকে প্রকাশ করে গেছে। আগামী দিনেও প্রথম আলোর কাছে প্রত্যাশা, তারা সত্য প্রকাশে অবিচল থাকবে। দুর্নীতিমুক্ত, আধুনিক ও বিজ্ঞানমনস্ক একটি সমাজ বিনির্মাণে প্রথম আলো আমাদের নির্দেশনা দেবে। এ দেশকে এগিয়ে নিতে প্রথম আলো ভবিষ্যতে আরও অগ্রণী ভূমিকা পালন করবে। আমরা বিশ্বাস করি, প্রথম আলো এ দেশের মানুষের পাশে আছে, আর প্রথম আলোর পাশে আছে এ দেশের মানুষ।’

শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, ‘সব বাধা পেরিয়ে প্রথম আলো তার আদর্শে অবিচল থেকে দুই যুগের বেশি সময় ধরে সত্য তথ্য প্রকাশের মাধ্যমে সমাজকে আলোকিত করে দেওয়ার কাজটি করে যাচ্ছে। এখন প্রথম আলোর কাছে প্রত্যাশা, বাংলাদেশের বর্তমান প্রজন্মকে এগিয়ে নিতে তারা সবকিছু উজাড় করে দেবে।’

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়
ছবি: প্রথম আলো

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শওকত আলী, শেরপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক আবদুল আলীম তালুকদার, জেলা আইনজীবী সমিতির সদস্যসচিব এ এইচ নূরে আলম হীরা। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর শেরপুর প্রতিনিধি দেবাশীষ সাহা রায়। এ সময় শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাঁকন রেজা, নাগরিক সংগঠন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, শিক্ষক আবু হান্নান, তরুণ আইটি উদ্যোক্তা সঞ্জয় বণিক উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে পাতাবাহার খেলাঘর আসরের শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন শেরপুর বন্ধুসভার উপদেষ্টা মলয় চাকী।