নজরুলের লেখা আমাদের ন্যায়, ভালোবাসা ও দায়িত্ববোধ শেখায়

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিখ্যাত কবিতা ‘মা’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ২৪ এপ্রিল বিশ্ববিদ্যালয় ১১ চত্বরে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে বন্ধুসভার সদস্যরা কবিতাটি আবৃত্তি ও বিশ্লেষণের মাধ্যমে মায়ের প্রতি গভীর ভালোবাসা, ত্যাগ ও আবেগের নানা দিক তুলে ধরেন। কবিতার প্রতিটি পঙ্‌ক্তিতে লুকিয়ে থাকা মানবিক অনুভূতি ও মায়ের প্রতি সন্তানের চিরন্তন টান নিয়ে প্রাণবন্ত আলোচনা হয়। কবিতাটি আবৃত্তি করেন বন্ধু সাইফ উদ্দিন।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, ‘নজরুলের “মা” কবিতাটি শুধু একটি সাহিত্যকর্ম নয়, এটি আমাদের আবেগ ও চেতনার গভীরে প্রোথিত এক অনন্য প্রকাশ। এমন আয়োজন আমাদের মধ্যে মানবিক মূল্যবোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’

সভাপতি জাহিদ হাসান তাঁর বক্তব্যে বলেন, ‘বর্তমান প্রজন্মের মধ্যে সাহিত্যচর্চা বৃদ্ধি ও মানবিক গুণাবলি বিকাশে এ ধরনের পাঠচক্র অত্যন্ত প্রয়োজনীয়। নজরুলের লেখা আমাদের ন্যায়, ভালোবাসা ও দায়িত্ববোধ শেখায়।’

বন্ধু ইসনাইন এ সময় স্মৃতিচারণা করে সন্তানের প্রতি মায়ের ত্যাগ নিয়ে কথা বলেন এবং শ্রদ্ধা জ্ঞাপন করেন। পাঠচক্র শেষে অংশগ্রহণকারীরা নিয়মিত সাহিত্যচর্চার মাধ্যমে নিজেদের সমৃদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করেন। সঞ্চালনা করেন বন্ধু হাসান করিম।