ইংরেজি ভীতি কাটিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠার পাঠশালা

চট্টগ্রাম বন্ধুসভার ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা ‘দ্য ইংলিশ ওরাটরি’ছবি: বন্ধুসভা

বর্তমান তথ্যপ্রযুক্তিনির্ভর বিশ্বে যুবসমাজকে বৈশ্বিক প্রতিযোগিতায় দক্ষ ও যুগোপযোগী করে তুলতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। এই লক্ষ্যকে সামনে রেখে চট্টগ্রাম বন্ধুসভা আয়োজন করছে ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা ‘দ্য ইংলিশ ওরাটরি’। এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হয়েছে কর্মশালাটির চতুর্থ সেশন। এতে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা অংশ নেন।

কর্মশালার প্রতিটি সেশনেই ইংরেজি ভাষার প্রতি জড়তা ও ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলা, সাবলীলভাবে নিজেকে উপস্থাপন ও আকর্ষণীয় বক্তৃতার কৌশল শেখানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। শুধু ইংরেজি শেখানো নয়, বরং বাস্তব জীবনে কীভাবে ভাষাটিকে সঠিক ও আত্মবিশ্বাসের সঙ্গে ব্যবহার করা যায়, সেই দক্ষতা গড়ে তোলাই এই উদ্যোগের প্রধান লক্ষ্য।

চতুর্থ সেশনেও মেন্টর হিসেবে ছিলেন জামালখান কুসুম কুমারী গার্লস হাইস্কুলের ইংরেজি বিভাগের শিক্ষক এবং চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া। প্রাণবন্ত উপস্থাপনা, সহজবোধ্য ব্যাখ্যা ও কার্যকর বিভিন্ন ‘হুক পয়েন্ট’-এর মাধ্যমে তিনি অংশগ্রহণকারীদের ইংরেজি ভীতি দূর করে স্বতঃস্ফূর্ত ও আকর্ষণীয়ভাবে নিজেকে প্রকাশ করার কৌশল শেখান।

সেশনে প্রতিদিনের কথোপকথনে ব্যবহৃত সাধারণ ইংরেজি বাক্যগুলোকে আরও সুন্দর, সাবলীল ও আকর্ষণীয়ভাবে কীভাবে উপস্থাপন করা যায়, তা তুলে ধরা হয়। দৈনন্দিন জীবনে আমরা যেসব বাক্য প্রতিনিয়ত ব্যবহার করি, সেগুলোকে নতুন ও আরও পরিশীলিতভাবে প্রকাশের বিভিন্ন কৌশল শেখানো হয়। ফলে অংশগ্রহণকারীরা পরিচিত কথাগুলোকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের পাশাপাশি নিজেদের কথোপকথনে আরও আত্মবিশ্বাসী হওয়ার সুযোগ পান।

চট্টগ্রাম বন্ধুসভার ধারাবাহিক প্রশিক্ষণ কর্মশালা ‘দ্য ইংলিশ ওরাটরি’।

সেশনের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ইংরেজি শব্দ ও বাক্যের সঠিকতা যাচাই। বর্তমানে তরুণ প্রজন্ম তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল মিডিয়ার ওপর ব্যাপকভাবে নির্ভরশীল। বিশেষ করে বিভিন্ন রিলস ও স্বল্পদৈর্ঘ্যের ভিডিওতে ব্যবহৃত ইংরেজি শব্দ বা বাক্য অনেক সময় যাচাই না করেই আমরা শিখে ফেলি এবং সেগুলোই সঠিক বলে মনে রাখি। অথচ এসব তথ্যের কিছু অংশ ভুল বা বিভ্রান্তিকরও হতে পারে।

মেন্টর রুমিলা বড়ুয়া বাস্তব উদাহরণ ও প্রমাণের মাধ্যমে বিষয়টি তুলে ধরে তরুণদের সচেতন করেন। তিনি বোঝান, কোনো শব্দ বা বাক্য সামাজিক যোগাযোগমাধ্যমে দেখলেই সেটিকে সঠিক বলে গ্রহণ করা উচিত নয়, বরং শেখার আগে তথ্যের সত্যতা যাচাই করাও জরুরি।

‘দ্য ইংলিশ ওরাটরি’র প্রতিটি সেশন যেন শুধু ভাষা শেখার আয়োজন নয়, বরং আত্মবিশ্বাস, সচেতনতা ও নিজেকে আরও সুন্দরভাবে প্রকাশ করার এক অনন্য পাঠশালা। নতুন কিছু শেখার আগ্রহ, নিজের কথা বলার সাহস এবং ইংরেজিতে আরও দক্ষ হয়ে ওঠার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে চট্টগ্রাম বন্ধুসভার এই সুন্দর উদ্যোগ।

কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক আমেনা রুমি, কার্যনির্বাহী সদস্য তাজরিয়া রশিদ ও বন্ধু তুষার কবির। শেষে অংশগ্রহণকারীদের মতামত নেওয়া হলে তাঁরা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। তাঁরা বলেন, নিজেদের জড়তা কাটিয়ে ইংরেজি ভাষায় দক্ষ হয়ে উঠতে প্রতি সপ্তাহে যেন অন্তত একটি করে এমন সেশন আয়োজন করা হয়।

বন্ধু, চট্টগ্রাম বন্ধুসভা