‘জামাটা ঈদের দিন গাওত দেইম’

নীলফামারী বন্ধুসভার উদ্যোগে শিশু–কিশোরদের রঙিন জামা উপহারছবি: প্রথম আলো

নীলফামারী বন্ধুসভার উদ্যোগে ১৭ মার্চ দুপুরে সুবিধাবঞ্চিত শিশু–কিশোরদের মধ্যে রঙিন জামা এবং তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে নীলফামারী টাউন ক্লাব মাঠে এগুলো বিতরণ করা হয়।

নীলফামারী পৌরসভার কলেজ স্টেশনপাড়া, নীলকুঞ্জ আবাসিক এলাকা, জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া, সংগলসি ইউনিয়নের হাজিপাড়া, কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া, জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ, সোনারবার্নি পাড়াসহ বিভিন্ন পাড়া–মহল্লার অর্ধশতাধিক শিশু বন্ধুসভার পক্ষ থেকে একটি করে রঙিন জামা পেয়েছে। ঈদসামগ্রীর মধ্যে ছিল দুই প্রকারের সেমাই, চিনি, গুঁড়া দুধ ও সেমাইয়ের মসলা।

জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বেরুবন্দ গ্রামের মেহেদী হাসান (৯) নতুন জামা হাতে পেয়ে বলে, ‘টাকা নাই, এ জন্য এইবার ঈদের জামা কিনো নাই। জামাটা মোর খিব পছন্দ হইছে। জামাটা ঈদের দিন গাওত দেইম।’

শহরের নীলকুঞ্জ আবাসিক এলাকার রাহাত হোসেন (১০) বলে, ‘মা মেছোত কাম করে। এইবার ঈদের জামা কিনির পারো নাই। আইজ নয়া (নতুন) জামা পায়া ভালো নাগেছে। এইটা দিয়া এইবার মোর ঈদ হয়া যাইবে।’

খাদ্যসামগ্রী হাতে পেয়ে ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের ইনছান আলী (৭০) বলেন, ‘এই সেমাই–চিনি পায়া হামার খুব উপকার হইল। ঈদের দিন এইলা হামরা খাবার পারিমো।’

নীলফামারী বন্ধুসভার উদ্যোগে ঈদের খাদ্যসামগ্রী উপহার
ছবি: প্রথম আলো

কার্যক্রম সফল করতে সহযোগিতা করেছেন নীলফামারী বন্ধুসভার উপদেষ্টা অবসরপ্রাপ্ত প্রকৌশলী মো. জুলফিকার আলী, জেলা শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও বন্ধুসভার উপদেষ্টা এস এম সফিকুল আলম, প্রিয় ফ্যাশনের স্বত্বাধিকারী মো. আকতার হোসেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন নীলফামারী বন্ধুসভার উপদেষ্টা জুলফিকার আলী, প্রথম আলোর নীলফামারী প্রতিনিধি মীর মাহমুদুল হাসান, নীলফামারী বন্ধুসভার সভাপতি রুবি আক্তার, সহসভাপতি মীর সাদিক হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রিয়াঙ্কা রায়, সহসাংগঠনিক সম্পাদক ফারজানা মমো, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক জান্নাতি রম্মান, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক সোহেল রানা, সদস্য মোশারফ হোসেন প্রমুখ।