হুমায়ূন আহমেদের ‘অপেক্ষা’ নিয়ে পাঠচক্র

পাঠচক্র শেষে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভার বন্ধুরাছবি: বন্ধুসভা

হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক অনন্য জাদুকর; যিনি উপন্যাস, গল্প, নাটক ও সিনেমা সব ক্ষেত্রেই সমান দক্ষতায় পাঠক ও দর্শকদের হৃদয় জয় করেছেন। তাঁর রচিত ‘অপেক্ষা’ এমনই একটি উপন্যাস, যা একই সঙ্গে মনস্তাত্ত্বিক ও আবেগঘন। যেখানে মানুষের অন্তর্দ্বন্দ্ব, ভালোবাসা ও অপেক্ষার গভীর অনুভূতি ফুটে উঠেছে।

‘অপেক্ষা’ মূলত মানুষের জীবনের এক চিরন্তন সত্য অপেক্ষাকে কেন্দ্র করে লেখা। গল্পে দেখা যায়, চরিত্রগুলো তাদের প্রিয় মানুষ ভালোবাসা কিংবা জীবনের ঘটনার জন্য অপেক্ষা করছে। এই অপেক্ষা কখনো সুখের, কখনো কষ্টের আবার কখনো অনিশ্চয়তায় ভরা। গত ২৯ মার্চ ‘অপেক্ষা’ নিয়ে পাঠচক্রের আসর করে মুরারিচাঁদ কলেজ বন্ধুসভা।

পাঠচক্রে বন্ধু চৌধুরী নাফিসা বলেন, ‘মানুষের জীবন মূলত অপেক্ষার মাধ্যমে অতিবাহিত হয়। নিজেদের জীবনের বাস্তব চিত্রই যেন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে এই উপন্যাসে।’

বন্ধুরা বলেন, ‘অপেক্ষা’ পড়তে গিয়ে মনে হয় যেন নিজের জীবনের কোনো অপেক্ষার গল্পই পড়ছি। বরাবরের মতো হুমায়ূন আহমেদ আবারও খুব সূক্ষ্মভাবে মানুষের মনের কথা তুলে ধরেছেন।

পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন বন্ধু লিমা তালুকদার, উদয় সরকার, অনুপ দাস, সৈয়দা তামান্না ইসলাম, তৃণা তালুকদার, রাসেল আহমেদসহ অন্য বন্ধুরা।