বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা ও চারা গাছ রোপণ

কুষ্টিয়া বন্ধুসভার বন্ধুদের নিয়ে বকুলফুলগাছের চারা রোপণ করেন জাতীয় পরিচালনা পর্ষদের পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হুসাইন আল মামুনছবি: বন্ধুসভা

ঈদুল আজহা–পরবর্তী ঈদ আড্ডা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যায় সচেতনতা বাড়াতে বিশেষ সভা করেছে কুষ্টিয়া বন্ধুসভা। ৫ জুন কুষ্টিয়া সরকারি কলেজের পুকুরপাড়ে এটি অনুষ্ঠিত হয়। পরে কলেজের চিকিৎসাকেন্দ্রের সামনে একটি বকুলফুলগাছের চারা রোপণ করেন বন্ধুরা।

এ সময় উপস্থিত ছিলেন বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হুসাইন আল মামুন। বক্তব্যের শুরুতেই তিনি একটি প্রশ্ন করেন, ‘আমরা কেন সামাজিক সংগঠন করব?’ জবাবে উপস্থিত অন্য বন্ধুরা তাঁদের মতামত তুলে ধরেন। এরপর বন্ধুসভা ও বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণের গুরুত্ব নিয়ে আলোচনা করেন তিনি।

ঈদুল আজহা–পরবর্তী ঈদ আড্ডা ও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ও প্রকৃতি রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যায় সচেতনতা বাড়াতে বিশেষ সভা
ছবি: বন্ধুসভা

কুষ্টিয়া বন্ধুসভার সহসভাপতি জোবাইদা ইয়াসমিন বলেন, ‘গাছ লাগানোর আগে পরিবেশ ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে গাছ লাগাতে হবে। আমরা ফুল, ফল, ঔষধি গাছ লাগাতে পারি।’

সভাপতি জসিম উদ্দীন বলেন, গাছ শুধু লাগালেই হবে না, গাছের যত্ন নিতে হবে। গাছে নিয়মিত পানি দেওয়াসহ আগাছা পরিষ্কার করতে হবে।

বকুলফুলগাছের চারা রোপণ করেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

আলোচনা শেষে সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন ও সদস্য এ্যাথেনা আশরাফ একটি বকুলফুলগাছের চারা কিনে আনেন। সেটি কুষ্টিয়া সরকারি কলেজ চিকিৎসাকেন্দ্রের সামনে রোপণ করা হয়।

আয়োজনে বন্ধুদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক আহাদ হোসেন, অর্থ সম্পাদক রিদুল ইসলাম, দপ্তর সম্পাদক রাসেল প্রামাণিক, জেন্ডার ও সমতাবিষয়ক সম্পাদক সাজ্জাদ হুসাইন ও সদস্য রায়ানা তাবাসসুম।

সভাপতি, কুষ্টিয়া বন্ধুসভা