চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রে ‘টাইম ট্রাভেল ও টাইম লুপ’

চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার পাঠচক্রের আসর।

কল্পবিজ্ঞান ও চলচ্চিত্রের দুনিয়ায় সময়ের গতিকে জয় করার দুটি বহুল জনপ্রিয় ধারণা হলো টাইম ট্রাভেল ও টাইম লুপ। টাইম ট্রাভেল সময়ের সরলরেখা ধরে অতীত বা ভবিষ্যতে গমনাগমন বোঝালেও টাইম লুপ হলো নির্দিষ্ট একটি সময়চক্রে বারবার আটকে থাকার বন্দিদশা। এইচ জি ওয়েলসের উপন্যাস থেকে শুরু করে ‘ডার্ক’ কিংবা ‘গ্রাউন্ডহগ ডে’-এর মতো বৈচিত্র্যময় সৃষ্টিতে এই রোমাঞ্চকর বিষয়গুলো চমৎকারভাবে তুলে ধরা হয়েছে।

অতীতে ভ্রমণের তাত্ত্বিক ভাবনার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে গ্র্যান্ডফাদার ও বুটস্ট্র্যাপ প্যারাডক্সের মতো জটিল সব যৌক্তিক গোলকধাঁধা। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্ব ও টাইম ডাইলেশনের মাধ্যমে ভবিষ্যতে যাত্রা করা বৈজ্ঞানিকভাবে সম্ভব হলেও অতীতে ফিরে যাওয়া বাস্তবে প্রায় অসম্ভব। পদার্থবিদ স্টিফেন হকিংয়ের মতে, মহাবিশ্বের স্বাভাবিক শৃঙ্খলা অক্ষুণ্ন রাখতে প্রকৃতি নিজেই নিজস্ব নিয়ম দিয়ে অতীত ভ্রমণের পথ রুদ্ধ করে রেখেছে। অতীতে গিয়ে ভুল শুধরে নেওয়ার চিরন্তন ইচ্ছা বাস্তবে হয়তো পূরণীয় নয়, তবু বিজ্ঞান ও কল্পনার এই মেলবন্ধন মানুষকে অনন্তকাল রোমাঞ্চিত করে রাখবে।

২৩ সেপ্টেম্বর রাত ৯টায় চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার ভার্চ্যুয়াল পাঠচক্রের আসরে আলোচনা করা হয় এই তত্ত্ব নিয়ে। আলোচক হিসেবে যুক্ত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার বন্ধু ও বাবুডাইং আলোর পাঠশালার সহকারী শিক্ষক নয়ন আহমেদ।

নয়ন আহমেদ বলেন, টাইম ট্রাভেলের আলোচনা এলে দুটি বিখ্যাত যৌক্তিক গোলকধাঁধা বা ‘প্যারাডক্স’ উঠে আসে। একটি গ্র্যান্ডফাদার প্যারাডক্স ও আরেকটি বুটস্ট্র্যাপ প্যারাডক্স। টাইম ট্রাভেল ও টাইম লুপ কেবল সিনেমা বা কল্পকাহিনির অনুষঙ্গ নয়; এগুলো মানুষের অস্তিত্ব, ভুল শোধরানোর আকাঙ্ক্ষা এবং জীবনের প্রতিটি মুহূর্তেও মূল্য নিয়ে ভাবায়। অতীতে ফিরে গিয়ে ভুল শুধরে নেওয়া কিংবা ভবিষ্যৎকে আগে থেকেই বদলে ফেলার এই আদিম চাওয়া হয়তো বাস্তবে অপ্রাপ্য। কিন্তু কল্পনা ও বিজ্ঞানের এই মেলবন্ধন মানবমস্তিষ্ককে চিরকালই রোমাঞ্চিত করে রাখবে।

পাঠচক্রে যুক্ত ছিলেন উপদেষ্টা আনোয়ার হোসেন, সভাপতি মাসরুফা খাতুন, সহসভাপতি ফারাহ্ উলফাৎ রহমান ও মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাফিউল হাসান ও সাবরিন আখতার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান, অর্থ সম্পাদক আলীউজ্জামান নূর, দপ্তর সম্পাদক ফাহিম আসেফ, প্রচার সম্পাদক মানসুরা খাতুন, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক আরাফাত মিলেনিয়াম, প্রশিক্ষণ সম্পাদক মেরাজুল ইসলাম, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সোনিয়া খাতুন, বন্ধু আলী আসগারসহ অন্যরা।

অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা