‘আমরা যদি না জাগি মা
কেমনে সকাল হবে?
তোমার ছেলে উঠলে গো মা
রাত পোহাবে তবে’
কবি কাজী নজরুল ইসলাম ঠিকই বলেছেন, আমরা জাগি বলেই ভোর হয়। পাষাণপুরীর গল্পের কথা মনে আছে তোমাদের? সেখানে যদি সূর্য ওঠে, তবু সকাল হয় না। কারণ, মানুষ জাগেনি। তাই সকাল আনতে হলে মানুষকে জাগতে হবে, আমাদের জাগতে হবে সূর্যের মতো, আলো ছড়াতে হবে। এই আলো জ্ঞানের আলো, ভালোবাসার আলো, দয়া-মমতার আলো।
ভৈরব বন্ধুসভার ১৯৯তম পাঠচক্রে আলোচনায় কথাগুলো বলেন যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান। পাঠের বিষয় ছিল কথাসাহিত্যিক আনিসুল হকের কিশোরদের নিয়ে লেখা উপদেশমূলক বই ‘কিশোর তুমি বড় হবে’। সঞ্চালনা করেন পাঠাগার ও পাঠচক্র সম্পাদক মহিমা মেধা।
মুদ্রিত বই পড়ার উদ্যোগ ছড়িয়ে দিতে ভৈরব বন্ধুসভা স্কুলে স্কুলে পাঠচক্র করার সিদ্ধান্ত নেয়। সেই ধারাবাহিকতায় আসরটি বসে ভৈরব পৌর শহরের গাজীপুর শাহিন ক্যাডেট একাডেমিতে।
গ্রন্থ আলোচনার শুরুতে লেখক আনিসুল হক সম্পর্কে আলোচনা করেন সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ। তিনি বলেন, বাংলাদেশের একজন জনপ্রিয় কথাসাহিত্যিক ও কবি আনিসুল হক। তাঁর লেখা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘মা’ বেশ জনপ্রিয়। ‘মা’ এবং ‘ফাঁদ’ বইগুলো একাধিক ভাষায় অনূদিত হয়েছে। কিশোরদের নিয়ে লেখা উৎসাহমূলক বই ‘সফল যদি হতে চাও’-এর জন্য ২০১৯ সালে প্রবন্ধ শাখায় পাঞ্জেরী ছোটকাকু আনন্দ আলো শিশুসাহিত্য পুরস্কার অর্জন করেন।
‘কিশোর তুমি বড় হবে’ বইটির মোট ২৭টি বিষয়বস্তু থেকে ৫টি বিষয় নিয়ে আলোচনা-পর্যালোচনা হয়। সহসভাপতি তোফাজ্জল হোসেন আলোচনা করেন ‘আমাকে কেউ বুঝতে পারেনা, আমাকে কেউ ভালোবাসে না’, ‘কতক্ষণ তুমি স্ক্রিণে থাকবে’ বিষয়ের ওপর।
যুগ্ম সাধারণ সম্পাদক নাফিস রহমান আলোচনা করেন ‘সূর্য হয়ে ওঠো ইচ্ছেমতো ছোটো’, ‘ছুটির দিনে কত কিছু করার আছে’ এবং কার্যনির্বাহী সদস্য প্রিয়াংকা আলোচনা করেন ‘যে ৫০টি নতুন শপথ আমার জীবন পাল্টে দিতে পারে’ বিষয় নিয়ে।
গ্রন্থ আলোচনায় আরও যুক্ত হন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা। আলোচনায় মজার ও স্মৃতিচারণামূলক বিষয়গুলো উঠে আসে।
সাধারণ সম্পাদক আনাস খান বলেন, ‘ভৈরব বন্ধুসভার শিকড় হলো পাঠের আসর পাঠচক্র। বইয়ের আলোচনা জ্ঞানের জানালা খুলে দেয়। আমরা শিগগিরই ২০০তম পাঠের আসর আয়োজন করব।’
গ্রন্থ আলোচনা শেষে মনোযোগী শ্রোতাদের জন্য কুইজ পর্বের আয়োজন করা হয়। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় কিশোর আলো ম্যাগাজিন। পাঠের আসরে আরও উপস্থিত ছিলেন উপদেষ্টা ওয়াহিদা আমিন, জনি আলম, সুমাইয়া হামিদ, সভাপতি জান্নাতুল মিশু, সাংগঠনিক সম্পাদক রাহিম আহমেদ, বন্ধু ইমরানসহ আরও অনেকে।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, ভৈরব বন্ধুসভা