রাজধানীর পল্লবীতে শিশু রামিসাসহ সারা দেশে ঘটে যাওয়া সব ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে গতকাল শুক্রবার বিকেলে শহরের নবাবগঞ্জ সরকারি কলেজ প্রাঙ্গণে এটির আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা। এতে বন্ধুসভার বন্ধুরা ছাড়াও অংশ নেন শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মানববন্ধনে বক্তব্য দেন জাগো নারী বহ্নিশিখার সভাপতি ফারুকা বেগম, সদস্যসচিব মনোয়ারা খাতুন, বন্ধুসভার উপদেষ্টা শফিকুল আলম, জেলা স্কাউটসের সহকারী কমিশনার আশরাফুল আম্বিয়া, নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেত্রী রুমালী হাসদা, সচেতন নারী শওকত আরা আনজুম, লিপি রাই, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভার সভাপতি মাসরুফা খাতুন, সাধারণ সম্পাদক রামিজ আহমেদ, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন প্রমুখ। সঞ্চালনা করেন বাবুডাইং আলোর পাঠশালার প্রধান শিক্ষক আলীউজ্জামান নূর।
বক্তারা বলেন, ‘দেশে প্রতিনিয়ত শিশু ও নারী নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটছে। এতে আমরা উদ্বিগ্ন। এসব প্রতিহত করতে অপরাধীদের দ্রুত বিচার করতে হবে। আইনের সুশাসন বাস্তবায়ন করতে হবে। এসব অপরাধের প্রতিবাদ জানাতে যেকোনো সময় আমাদের আন্দোলনে নামতে হবে।’
কোল ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নেত্রী রুমালী হাসদা বলেন, ‘আমাদের এ দেশ সোনার বাংলাদেশ। কিন্তু দেশে যদি শিশুদের নিরাপত্তা না থাকে, তবে কীভাবে এ দেশ সোনার বাংলাদেশ হয়? আমি একে সোনার বাংলাদেশ বলতে পারছি না। আমি অনেক দুঃখিত।’
অর্থ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ বন্ধুসভা