‘খুব খুশি লাগছে—ঈদে নতুন জামা পরতে পারব’

সিলেট বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই উৎসব শুধু নিজের নয়—সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার এক অনন্য উপলক্ষ। ঈদে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সৌহার্দ ও সহমর্মিতার বন্ধনে আবদ্ধ হওয়ার লক্ষ্যে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচি করেছে সিলেট বন্ধুসভা।

ঈদের নতুন পোশাক নিয়ে ১৮ মার্চ বিকেলে সিলেট বন্ধুসভার সদস্যরা ছুটে যান সিলেটের বাঘমারা গ্রামে। সেখানে ১৬০ জন অসচ্ছল শিশুর মধ্যে বিতরণ করা হয় রঙিন নতুন পোশাক—পাঞ্জাবি ও জামা। নতুন পোশাক পেয়ে শিশুদের মুখে ফুটে ওঠে নির্মল আনন্দের হাসি। পাশাপাশি তাঁদের নিয়ে মেহেদি উৎসবও আয়োজন করা হয়।

ছয় বছরের আঞ্জুমা উচ্ছ্বসিত কণ্ঠে বলে, ‘ঈদে এই সুন্দর জামা পরে বাবার সঙ্গে ঘুরতে যাব, নানার বাড়ি বেড়াতে যাব। আর আপা যে সুন্দর হাতে মেহেদি পরাইয়া দিসে, আমারে ঈদের দিন দেখতে অনেক সুন্দর লাগব।’

সিলেট বন্ধুসভার সহমর্মিতার ঈদ
ছবি: বন্ধুসভা

৯ বছরের আদনাম আনন্দ লুকাতে পারেনি। সে বলে, ‘নতুন পাঞ্জাবি পেয়ে খুব ভালো লাগছে। আমি অনেক খুশি।’

শুধু শিশুদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না এই আয়োজন। তাদের পরিবারের মাঝেও বিতরণ করা হয় ঈদের খাদ্যসামগ্রী—ময়দা, চিনি, সেমাই, গুঁড়া দুধ ও তেল। এতে করে ঈদের আনন্দ আরও পূর্ণতা পায় নিম্নআয়ের পরিবারগুলোর জন্য।

স্থানীয় বাসিন্দা ইকবাল সাই কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘আমরা দিন আনি দিন খাই। এখানে খুব একটা সহযোগিতা আসে না। আপনারা এসেছেন দেখে খুব ভালো লাগছে।’

এর আগে একই দিন সকালে সিলেটের লামাবাজার এতিমখানায় ৪০ জন শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয় নতুন পোশাক ও ঈদসামগ্রী। আট বছরের আরিফ আবেগাপ্লুত হয়ে বলে, ‘আমি ভেবেছিলাম, এ বছর নতুন জামা পরা হবে না। আজ খুব খুশি লাগছে, ঈদে নতুন জামা পরতে পারব।’

শিশুদের হাতে মেহেদি পরিয়ে দেন বন্ধুরা
ছবি: বন্ধুসভা

এ ছাড়া কর্মসূচিতে সিলেট বন্ধুসভা সঙ্গে কাতার বন্ধুসভাও যুক্ত ছিল। কাতার বন্ধুসভার উপদেষ্টা আফজাল আহমেদ বলেন, ‘এ বছর সহমর্মিতা ঈদ আমাদের সবার জন্য আনন্দের। সিলেট বন্ধুসভার সঙ্গে যুক্ত হয়ে ঈদের খুশি আরও বেড়ে গেছে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন সিলেট বন্ধুসভার বন্ধু ফয়সাল আহমেদ, গায়ত্রী বর্মণ, অনুপমা রায়, প্রণব, সুমন, অমিত, কৃত্য, প্রাণেশ, সালমান, আফজাল, শাকিল, ইকবালসহ আরও অনেকে।

সহমর্মিতা আর ভালোবাসার এই উদ্যোগ প্রমাণ করে ঈদের আসল আনন্দ লুকিয়ে আছে অন্যের মুখে হাসি ফোটানোর মধ্যেই।

সভাপতি, সিলেট বন্ধুসভা