শিশুদের সঙ্গে নারায়ণগঞ্জ বন্ধুসভার ঈদের আনন্দ ভাগাভাগি

নারায়ণগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদছবি: বন্ধুসভা

ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে নারায়ণগঞ্জ বন্ধুসভার উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের রঙিন জামা ও তাদের পরিবারের জন্য ঈদের খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়েছে। ১৩ মার্চ সকাল ১০টায় নারায়ণগঞ্জ সিটি পার্কের মুক্তমঞ্চে এগুলো বিতরণ করা হয়।

‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে এদিন ৩৫ জন শিশুর মধ্যে রঙিন জামা বিতরণ করা হয়। পাশাপাশি ১৫টি পরিবারের হাতে ঈদসামগ্রী তুলে দেন বন্ধুরা।

এ বিষয়ে প্রথম আলোর নারায়ণগঞ্জ প্রতিনিধি মজিবুল হক বলেন, ‘ঈদের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে বন্ধুসভার উদ্যোগে এই রঙিন জামা বিতরণ করা হয়েছে। জামা পেয়ে সুবিধাবঞ্চিত শিশুরা ঈদের আনন্দে মেতে উঠেছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে এলে সমাজ আরও সুন্দর হয়ে উঠবে।’

নারায়ণগঞ্জ বন্ধুসভার সহমর্মিতার ঈদ।

বন্ধুসভার সভাপতি সাব্বির আল ফাহাদ বলেন, ‘ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে বন্ধুসভা সব সময়ই চেষ্টা করে। ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত থাকবে এবং আরও বেশিসংখ্যক শিশুর সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার চেষ্টা করা হবে।’

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ বন্ধুসভার সহসভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইমরান নাজির, কার্যনির্বাহী সদস্য কাজী তানভীর হাসান, দপ্তর সম্পাদক সুমাইয়া নূর, ম্যাগাজিন সম্পাদক মৌন লাকীসহ অন্য সদস্যরা।

সভাপতি, নারায়ণগঞ্জ বন্ধুসভা