কিংবদন্তি চলচ্চিত্রকার ও কথাসাহিত্যিক জহির রায়হানের অন্তর্ধান দিবস উপলক্ষে পাঠচক্রের আসর করে নোয়াখালী বন্ধুসভা। গত ৩০ জানুয়ারি বিকেলে প্রথম আলো নোয়াখালী অফিসে এটি অনুষ্ঠিত হয়।
পাঠচক্রের বিষয় ছিল জহির রায়হানের জীবনী ও প্রথম আলো পত্রিকায় প্রকাশিত কথাসাহিত্যিক আনিসুল হকের বিশেষ নিবন্ধ ‘জহির রায়হানের নতুন বই’। বন্ধুসভার সদস্যরা লেখাটি পাঠ করেন এবং জহির রায়হানের জীবন, কর্ম ও নিখোঁজ হওয়ার রহস্যময় প্রেক্ষাপট নিয়ে আলোচনায় অংশ নেন।
আনিসুল হকের নিবন্ধের সূত্র ধরে বন্ধুরা জহির রায়হানের অপ্রকাশিত বা কম আলোচিত সাহিত্যকর্মগুলো নিয়ে আলোচনা করেন।
সভাপতি আসিফ আহমেদ বলেন, ‘জহির রায়হান তাঁর ক্যামেরা ও কলমকে অন্যায়ের বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিলেন। “জীবন থেকে নেয়া” ও “স্টপ জেনোসাইড”, “আরেক ফাল্গুন”-এর মতো সৃষ্টির মাধ্যমে তিনি বিশ্বদরবারে বাংলাদেশকে চিনিয়েছেন। তিনি আরও অনেক দিন বেঁচে থাকলে আমরা তাঁর থেকে আরও নান্দনিক সৃষ্টি পেতাম।’
যুগ্ম সাধারণ সম্পাদক নয়ন চন্দ্র কুরী বলেন, ‘নিখোঁজ হওয়ার আগ পর্যন্ত এই মহান শিল্পী যেভাবে দেশের জন্য কাজ করে গেছেন, তা বর্তমান প্রজন্মের পাঠকদের জন্য এক বড় শিক্ষণীয় অধ্যায়।’
ম্যাগাজিন সম্পাদক বুশরা করিম বলেন, ‘আনিসুল হকের লেখাটি পাঠ করার মাধ্যমে জহির রায়হান সম্পর্কে নতুন অনেক তথ্য জানার সুযোগ হয়েছে। মৃত্যুর এত বছর পরও যে তাঁর শিল্পকর্ম নতুনভাবে প্রকাশ পাচ্ছে, এটা আমাদের জন্য সত্যিই গর্বের বিষয়।’
বন্ধু নাফিস বলেন, ‘কিছু মানুষের শারীরিক মৃত্যু হলেও তাঁরা সর্বদাই তাঁদের সৃষ্টির মাধ্যমে অমর হয়ে থাকেন। জহির রায়হানও তাঁদেরই একজন।’
পাঠচক্রে উপস্থিত ছিলেন প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান। তিনি বলেন, ‘বন্ধুসভা যে নিয়মিত পাঠচক্র করে যাচ্ছে এটা প্রশংসনীয়। বই পড়া, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা আমাদের জ্ঞানের পরিধিকে এগিয়ে নেয়।’
এ ছাড়া পাঠচক্রে উপস্থিত থেকে নিজের মনের ভাব প্রকাশ করেছেন দপ্তর সম্পাদক জিহান, বন্ধু অর্ঘ্য ভূঁইয়াসহ আরও অনেকে।
যুগ্ম সাধারণ সম্পাদক, নোয়াখালী বন্ধুসভা