জসীমউদ্‌দীনের ‘আসমানী’ নিয়ে পাঠচক্রের আসর

বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় কবি জসীমউদ্‌দীনের বিখ্যাত কবিতা ‘আসমানী’ নিয়ে পাঠচক্রের আসর করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় বন্ধুসভা। ১৮ এপ্রিল বিকেলে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চ মাঠে এটি অনুষ্ঠিত হয়।

পাঠচক্রে সংগঠনের সদস্যরা কবিতা ‘আসমানী’ পাঠ ও এর ভাবব্যঞ্জনা নিয়ে আলোচনা করেন। গ্রামীণ জীবনের দারিদ্র্য, মানবিকতা ও বাস্তব চিত্র তুলে ধরা এ কবিতা নিয়ে উপস্থিত ব্যক্তিদের মধ্যে গভীর ভাবনার সঞ্চার হয়।

পাঠাগার ও পাঠচক্র সম্পাদক হাসান করিম বলেন, ‘জসীমউদ্‌দীনের “আসমানী” কেবল একটি কবিতা নয়, এটি আমাদের সমাজের দরিদ্র মানুষের জীবনসংগ্রামের এক জীবন্ত দলিল। এ ধরনের পাঠচক্র আমাদের মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করে।’

সাধারণ সম্পাদক মোহসিনা রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘বন্ধুসভার এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সাহিত্যচর্চায় আগ্রহী করে তোলে। আমরা নিয়মিতভাবে এমন পাঠচক্র আয়োজনের মাধ্যমে সাহিত্য ও সংস্কৃতির চর্চা এগিয়ে নিতে চাই।’

সভাপতি জাহিদ হাসান বলেন, ‘বাংলা সাহিত্যকে হৃদয়ে ধারণ করতে হলে জসীমউদ্‌দীনের মতো কবিদের লেখা গভীরভাবে পড়া প্রয়োজন। “আসমানী” আমাদের সমাজবাস্তবতা ও মানবিক দিকগুলো নতুন করে ভাবতে শেখায়। ভবিষ্যতেও আমরা এ ধরনের আয়োজন অব্যাহত রাখব।’