ডিজিটাল দক্ষতায় তরুণদের এগিয়ে নিতে প্রশিক্ষণ কর্মশালা

দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে ‘বেসিক গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা’ প্রশিক্ষণ কর্মশালাছবি: বন্ধুসভা

‘বর্তমানে প্রতিনিয়ত আমরা ডেটা বা তথ্য নিয়ে খেলছি, আবার এই ডেটা নিয়েই বিতর্কিত হচ্ছি। ডেটার সঠিক ব্যবহার করতে হলে সচেতনতা ও দক্ষতা—দুটিই প্রয়োজন। এ ধরনের কর্মশালা তরুণদের সৃজনশীলতা বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে ‘বেসিক গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা’ প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্যে এ কথা বলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি শৈশব রাজু। ২২ মে বিকেলে দিনাজপুর প্রেসক্লাবে এটি অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসেবে ছিলেন বন্ধুসভার সহসভাপতি দীপু রায়।

দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে ‘বেসিক গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা’ প্রশিক্ষণ কর্মশালা।

কর্মশালায় প্রশিক্ষক সহজ ও প্রাঞ্জল উপস্থাপনার মাধ্যমে অংশগ্রহণকারীদের ক্যানভা ব্যবহার করে গ্রাফিক ডিজাইনের মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখান। দীপু রায় গ্রাফিক ডিজাইনের ১০টি গুরুত্বপূর্ণ নীতি সম্পর্কে মৌলিক ধারণা দেন এবং বর্তমান সময়ে ক্যানভার গুরুত্ব ও ব্যবহারিক দিক নিয়ে আলোচনা করেন। অংশগ্রহণকারীদের শেখান কীভাবে খুব সহজেই সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য পোস্টার, ব্যানার, লোগোসহ বিভিন্ন ডিজাইন তৈরি করা যায়।

বর্তমান যুগে গ্রাফিক ডিজাইন একটি গুরুত্বপূর্ণ দক্ষতা। বিশেষ করে তরুণ শিক্ষার্থী ও নতুন উদ্যোক্তাদের জন্য ক্যানভা এখন একটি জনপ্রিয় ও কার্যকর প্ল্যাটফর্ম। কোনো পূর্ব অভিজ্ঞতা ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন ফিচার ব্যবহার করে খুব সহজে মানসম্মত ডিজাইন তৈরি করা সম্ভব। এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহার করেই উচ্চমানের ডিজাইন করা সম্ভব হচ্ছে।

দিনাজপুর বন্ধুসভার উদ্যোগে ‘বেসিক গ্রাফিক ডিজাইন উইথ ক্যানভা’ প্রশিক্ষণ কর্মশালা।

গ্রাফিক ডিজাইন কর্মশালাটি একটি প্রশংসনীয় উদ্যোগ মন্তব্য করে বন্ধুসভার উপদেষ্টা ও দিনাজপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অবসরপ্রাপ্ত অধ্যাপক জলিল আহমেদ বলেন, এ ধরনের দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণেরা শুধু অর্থনৈতিকভাবে লাভবানই হবেন না, বরং ভবিষ্যতের জন্য নিজেদের আরও যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবেন।

কর্মশালায় অংশ নিয়ে বন্ধুসভার সদস্যরা তথ্য ও যোগাযোগপ্রযুক্তির বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন। পাশাপাশি ক্যানভাকে কাজে লাগিয়ে কীভাবে একজন সফল কনটেন্ট ক্রিয়েটর বা দক্ষ জনশক্তিতে পরিণত হওয়া যায়, সেই দিকনির্দেশনাও পান তাঁরা।

এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ বকসী বাচ্চু, বন্ধুসভার উপদেষ্টা ও দিনাজপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক শাহজাহান শাজু, আবৃত্তি সংগঠন রক্তকরবীর সভাপতি সুবর্ণা মুখার্জি, দিনাজপুর লেখক ফোরামের সাধারণ সম্পাদক অদিতি রায়সহ আরও অনেকে।

প্রশিক্ষণ সম্পাদক, দিনাজপুর বন্ধুসভা