যশোর বন্ধুসভার পাঠচক্রে ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’

যশোর বন্ধুসভার পাঠচক্রের আসরছবি: বন্ধুসভা

প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা যশোর শহরতলির বিল হরিণা এলাকায় প্রাণবন্ত সাহিত্য আড্ডার আসর পাঠচক্র করেছে যশোর বন্ধুসভা। ৫ জুন বিকেলে গোধূলিলগ্নে অনুষ্ঠিত এ পাঠচক্রে আলোচনা করা হয় লেখক ও সাংবাদিক মনিরুল ইসলামের বই ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’ বিষয়ে।

স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক রাইয়াদ ফেরদৌস। এরপর বন্ধু সাদনান আপন ও মুনতাসির মাহির কণ্ঠে সংগীত পরিবেশনা উপস্থিত সবার মন ছুঁয়ে যায়। সঞ্চালনা করেন বন্ধু নুরুন্নবী হৃদয়। আলোচনা পর্বে আলোচকেরা ‘আগামীর সাংবাদিক: কিশোর বয়সেই হাতেখড়ি’ বইটির ভাষা, বিষয়বস্তু এবং কিশোরদের সাংবাদিকতায় আগ্রহী করে তোলার সক্ষমতার কথা তুলে ধরেন।

যশোর বন্ধুসভার পাঠচক্রের আসর।

মূল আলোচক ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মোফাজ্জেল হোসেন। তিনি বলেন, ‘বইটির লেখক মনিরুল ইসলাম আমার ছাত্র। আজ ছাত্রের লেখা বই নিয়ে আলোচনা করতে এসে আমি গর্বিত। একজন গল্পকার মানুষের মনের খবর বলেন আর একজন সাংবাদিক সত্য–মিথ্যা যাচাই করে সমাজের প্রকৃত খবর তুলে ধরেন। সাহিত্য ও সাংবাদিকতার সংমিশ্রণে মনিরুল বইটি চমৎকারভাবে উপস্থাপন করেছে।’

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রেহমান আজিজ বলেন, শুধু সাংবাদিকতায় আগ্রহীদের জন্য নয়, যেকোনো শিক্ষার্থীর জন্যই বইটি অনুসরণীয় ও শিক্ষণীয়।

বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন বলেন, বর্তমান প্রজন্মের জন্য এটি অত্যন্ত উপযোগী বই। সাংবাদিকতা করতে গিয়ে নতুন সাংবাদিকেরা যেসব চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মুখোমুখি হন, সে বিষয়ে বিস্তারিত লেখা রয়েছে এতে।

যুগ্ম সাধারণ সম্পাদক, যশোর বন্ধুসভা