‘ধর্ষকদের কঠোর আইনের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। তবেই অন্যরা এসব অন্যায় কাজ করতে ভয় পাবে।’ চট্টগ্রাম বন্ধুসভার উদ্যোগে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করা এবং ধর্ষক ও নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে এ কথা বলেন প্রথম আলো চট্টগ্রাম ব্যুরোর বার্তা সম্পাদক ওমর কায়সার।
২২ মে বিকেলে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বন্ধুসভার উপদেষ্টা সঞ্জয় বিশ্বাস বলেন, ‘দেশে নারীদের ওপর যৌন নির্যাতন, ধর্ষণ ও হত্যার মতো ন্যক্কারজনক ঘটনা বেড়েই চলেছে, যা সত্যিই হতাশাজনক। যদি আইনের সঠিক প্রয়োগ করে দ্রুত শাস্তির ব্যবস্থা করা যায় তবেই এটিকে নিয়ন্ত্রণ করা সম্ভব। সেই সঙ্গে দেশে পর্নোগ্রাফি আইনের ওপর আরও কঠোর হওয়া জরুরি।’
চট্টগ্রাম বন্ধুসভার সাবেক সহসভাপতি আখতার উজ জামান বলেন, ‘আমি একজন শিক্ষক, আমি একজন মেয়ের বাবাও। আজ দেশে ধর্ষণ ও হত্যার মতো ঘটনা আমাদের খুবই বিপর্যস্ত করে তুলেছে। বর্তমান সরকারের প্রতি আকুল আবেদন— আর কোনো মেয়েকে আমরা হারাতে চাই না। খুনির দ্রুত বিচার আশা করছি।’
মানবাধিকারকর্মী জেসমিন সুলতানা বলেন, ‘খুবই হতাশ হয়ে পড়েছি দিনের পর দিন এমন নৃশংসতার খবর শুনে। একজন ধর্ষক কখনোই মানুষ হতে পারে না, সে পশুর চেয়েও নিকৃষ্ট। এদের মতো এমন অমানুষদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসতে হবে।’
চট্টগ্রাম বন্ধুসভার সভাপতি রুমিলা বড়ুয়া বলেন, ‘অনেক শিশু আজ যৌন নিপীড়ন থেকে শুরু করে ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। আমরা আর কোনো শিশুকে হারাতে চাই না। দেশে যদি কঠোর আইনের প্রয়োগ চলমান থাকে তবে আমরা ভবিষ্যতে আর কোনো শিশুকে হারাব না। আমরা দ্রুতই এর কঠিন বিচার চাই।’
সহসভাপতি নুরুজ্জামান খান বলেন, ‘ধর্ষক আসলেই কোনো মানুষ হতে পারে না। এদের মতো অমানুষদের মধ্যে কখনোই বিবেকবোধ কাজ করে না। আর কাউকে আমরা হারাতে চাই না। সরকারের প্রতি অনুরোধ এর কঠিন থেকে কঠিন শাস্তি নিশ্চিত করুন।’
মানববন্ধন সঞ্চালনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ইরফাতুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক কামরান চৌধুরী, প্রচার সম্পাদক সাকিব জিশান, দপ্তর সম্পাদক জয় চক্রবর্ত্তী, বন্ধু তাফসিরুল ইসলাম, আশরাফুর রহমান, তুষার কবির, মো. শাহেদ, ইষ্টি পাল, আবদুল্লাহ আল মাসুম, রুবাইদ আলম, আবু রায়হানসহ অন্যান্য বন্ধুরা।
পাঠাগার ও পাঠচক্র সম্পাদক, চট্টগ্রাম বন্ধুসভা