‘বৃক্ষ শুধু রোপণ নয়, যত্ন নিয়ে বাঁচাতে হয়’ প্রতিপাদ্যে বৃক্ষরোপণ ও বিতরণ করেছে গাজীপুর বন্ধুসভা। পরিবেশ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব, বৃক্ষপ্রেম ও পরিচর্যার মানসিকতা গড়ে তুলতে ৭ সেপ্টেম্বর জয়দেবপুরের কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
এদিন শিক্ষার্থীদের হাতে প্রায় ২০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। একই সঙ্গে বিদ্যালয় প্রাঙ্গণেও চারা রোপণ করেন বন্ধুরা। চারার মধ্যে ছিল লেবু, কৃষ্ণচূড়া, করই, জলপাই, পেয়ারাসহ বিভিন্ন প্রজাতির ফলদ, বনজ ও পরিবেশবান্ধব গাছ।
চারা পেয়ে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা নিজ নিজ বাড়ি ও আশপাশে এগুলো রোপণ এবং নিয়মিত পরিচর্যার প্রত্যয় ব্যক্ত করে। এ সময় গাছ রোপণের প্রয়োজনীয়তা ও পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন যুগ্ম সাধারণ সম্পাদক আবিদা সুলতানা।
সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, ‘বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদের দায়িত্ব। বন্ধুরা নিজেদের অর্থায়নে এ উদ্যোগ বাস্তবায়ন করছে। আমরা চাই, প্রতিটি চারা বেড়ে উঠে একটি পূর্ণাঙ্গ গাছে পরিণত হোক এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ রক্ষার দায়িত্ববোধ তৈরি করুক।’
শিক্ষার্থীদের নিয়ে এমন উদ্যোগকে প্রশংসনীয় উল্লেখ করে কাজী রাজিয়া সুলতানা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুন্নাহার আক্তার বলেন, ‘শুধু গাছ লাগানো নয়, কীভাবে গাছের পরিচর্যা করতে হয়, সে বিষয়েও বন্ধুসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের সচেতন করা হয়েছে। আমরা আশা করি, তারা এসব গাছ নিজেদের সন্তানের মতো যত্নে বড় করে তুলবে।’
কাজী রাজিয়া সুলতানা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা ইয়াসমীন বলেন, ‘শিশুদের হাতে গাছের চারা তুলে দেওয়া অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে পরিবেশের প্রতি ভালোবাসা তৈরি করা প্রয়োজন। আজকের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা গাছ লাগানোর পাশাপাশি গাছের যত্ন নেওয়ার গুরুত্বও শিখেছে।’
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন প্রচার সম্পাদক টুটুল শিকদার, প্রশিক্ষণ সম্পাদক শাহরিয়ার মন্ডল পারভেজ, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক তামিম মল্লিক, কার্যনির্বাহী সদস্য ইয়াকিনুর ইসলাম ভূঁইয়া, বন্ধু মারুফ আল গালিব, বৃষ্টি আক্তার, জান্নাতুল ফেরদৌস, তাছমিয়া সুলতানা, সাথী আক্তার, নাইমা আক্তার, আফরিন জাহান, ফাতেমা আক্তার, আকিব হাসান, ফাহমিদুল মুরাদ, মাহমুদুল হাসান, রাহুল মিয়া, রায়হান হোসেনসহ অন্য বন্ধুরা।
সাধারণ সম্পাদক, গাজীপুর বন্ধুসভা