‘নারীর প্রতি সহিংসতা যদি শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, তবেই নারী দিবসের সার্থকতা’—আন্তর্জাতিক নারী দিবসে খুলনা বন্ধুসভার ভার্চ্যুয়াল আলোচনা সভায় আলোচকদের বক্তব্যে বারবার এ কথা উঠে এসেছে। ৮ মার্চ সন্ধ্যায় এ সভা অনুষ্ঠিত হয়।
এম এম মাসুম বিল্যাহর সঞ্চালনায় আলোচক হিসেবে ছিলেন আইনজীবী জান্নাতারা জান্নাত। তিনি আরও বলেন, ‘আমি আইনের মানুষ, তাই আইনের দৃষ্টিকোণ থেকে নারীদের অধিকার ও ন্যায়বিচারের কথা বলব। আমাদের অধিকার সম্পর্কে জানি না বলেই আমরা বলতে পারি না যে আমি এই অধিকার পাওয়ার যোগ্য। নারী হিসেবে আমি যোগ্যতা দিয়ে, নেতৃত্ব দিয়ে আমাদের কোনো গোষ্ঠী থেকে পিছিয়ে নেই; তবু বারবার শিকার হচ্ছি সহিংসতার।’
জান্নাতারা জান্নাত বলেন, ‘আমরা নারীদের সামাজিক ন্যায়বিচার থেকে পিছিয়ে রেখেছি। আমাকে একটি আইন করে দিচ্ছে; কিন্তু সেই আইনের প্রতিফলন কতখানি হচ্ছে? একজন বিচারপ্রার্থী হিসেবে কতখানি এর প্রতিফলন পাচ্ছি? রাষ্ট্র দোষীকে দৃষ্টান্তমূলক সঠিক সাজা দিতে পারছে না। যদি নারীদের উন্নয়ন করতে চাই, তবে প্রান্তিক নারীদের অবশ্যই সঙ্গে নিয়ে এগোতে হবে। নারীর প্রতি সহিংসতা যদি শূন্যের কোঠায় নিয়ে আসতে পারি, তবেই নারী দিবসের সার্থকতা।’
এর আগে শুভেচ্ছা বক্তব্যে খুলনা বন্ধুসভার সাধারণ সম্পাদক ফারজানা যুথি বলেন, বাংলাদেশ জাতীয় মানসিক স্বাস্থ্য সার্ভে ২০১৯-এ দেখা যায়, দেশের মোট নারী জনসংখ্যার মধ্যে মানসিক রোগের হার ২১ দশমিক ৫ শতাংশ। এই হার প্রতিনিয়তই উদ্বেগজনভাবে বৃদ্ধি পাচ্ছে। এ ক্ষেত্রে নারীর প্রতি বৈষম্য হ্রাস, নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণ এবং ঘরে-বাইরের সহিংসতা প্রতিরোধ করা জরুরি।
দপ্তর সম্পাদক আল রাইসা বলেন, ‘নারীর প্রতি সম্মান ও অধিকারের কথা স্মরণ করিয়ে দেয় এই নারী দিবস। আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হলো মা। নারীরা পিছিয়ে থাকলে সমাজ, দেশ ও রাষ্ট্র এগিয়ে যেতে পারবে না।’
সভাপতি স্বর্ণকমল রায় বলেন, ‘ধরিত্রী হলো মা, আর সেই মা হলো নারী। সেই নারীর প্রতি কেন এত বঞ্চনা, এত হীনম্মন্যতা? এই নারীর গর্ভ থেকেই নরের জন্ম হয়। যাঁরা প্রাণের জন্ম দেন, তাঁরা শ্রদ্ধা ও সম্মানের যোগ্য। নারীর প্রতি করুণা নয়, সম্মান প্রদর্শন করতে হবে। পুরুষ টিকে থাকে নারীত্বের ভালোবাসায়, নারীত্বের স্নেহে এবং নারীত্বের প্রেমে।’
এ সময় আরও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক রহমাতুল্লাহ, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক হাসিবুর রহমান, স্বাস্থ্য ও ক্রীড়া সম্পাদক দ্বীপ মণ্ডল, মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক সৌরভ ঘোষসহ বন্ধুসভার অন্য বন্ধুরা।