‘জামা পায়া হামরা ভীষণ খুশি’

শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা
ছবি: বন্ধুসভা

রমজান প্রায় শেষ, ঈদ আমেজ ঘরে ঘরে। প্রতিবছরের মতো এ বছরও সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন কুড়িগ্রাম বন্ধুসভার বন্ধুরা। নিজেদের ঈদ বাজেটের কিছু অংশ বাঁচিয়ে ৫০ জন সুবিধাবঞ্চিত শিশুর হাতে তুলে দেন একটি করে রঙিন জামা।

জামা পেয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী সুরাইয়া বলে, ‘জামা পায়া হামরা ভীষণ খুশি।’
ছোট্ট মেয়ে মুসকানকে কোলে নিয়ে জামা নিতে আসেন রিকশাচালক এক বাবা। মেয়ের আনন্দে আনন্দিত হয়ে হাসিমুখে তিনি বলেন, ‘চিন্তায় আছলোং, ঈদত ছাওয়ার জামা কিনবের পামো কি পাবার নই! বন্ধুসভার জামা পায়া ভালোই লাগতেছে।’

কুড়িগ্রাম বন্ধুসভার সহমর্মিতার ঈদ

এ ছাড়া ছয়টি পরিবারকে দেওয়া হয় সেমাই, চিনি, দুধসহ ঈদ উপহারসামগ্রী। ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে বরাবরের মতো নিজেদের ঈদ বাজেট থেকে কিছু অংশ দিয়ে শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন বন্ধুসভার বন্ধুরা। ১৪ মার্চ বিকেলে কুড়িগ্রাম শহরের প্রগতি সংসদে এসব উপহার তুলে দেওয়া হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন প্রথম আলো কুড়িগ্রামের সাবেক প্রতিনিধি ও বন্ধুসভার উপদেষ্টা সফি খান, প্রথম আলোর কুড়িগ্রাম প্রতিনিধি জাহানুর রহমান, বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, রুকুনুজ্জাম রুকু, হাফিজুর রহমান, সাবেক সভাপতি রাজু আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক নুসরাত জাহান, সহসভাপতি নয়ন সরখেল, সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু, সাংগঠনিক সম্পাদক আজিজুল, বন্ধু স্বর্ণ, শরীফ, ভরসা, রায়তুল, কাওসার, রহিম বাদশা, আবদুল্লাহ, তন্ময়, শিমুল, কবিরসহ আরও অনেকে।

বন্ধু, কুড়িগ্রাম বন্ধুসভা