মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও তাৎপর্য তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ‘বন্ধুসভা মুক্তিযুদ্ধ অলিম্পিয়াড ২০২৬’ আয়োজন করেছে ঝিনাইদহ বন্ধুসভা। ‘মুক্তিযুদ্ধের আলোয় জাগ্রত তারুণ্য’ স্লোগানে ৩১ মার্চ জেলা শহরের মর্নিং বেল চিল্ড্রেন একাডেমি স্কুলে এটি অনুষ্ঠিত হয়।
সকাল ১০টায় অলিম্পিয়াডের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। তাদের উপস্থিতি, উৎসাহ ও আন্তরিকতায় পুরো আয়োজনটি হয়ে উঠেছিল আরও প্রাণবন্ত ও সার্থক।
কুইজ বিজয়ীদের হাতে পুরস্কার হিসেবে প্রথমা প্রকাশনীর বই তুলে দেন অতিথিরা। উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার উপদেষ্টা আজাদ রহমান, ইশা হক আলী, শাহিনুর আলমসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
শিক্ষার্থীদের উদ্দেশে মর্নিং বেল চিল্ড্রেন একাডেমি স্কুলের পরিচালক ও বন্ধুসভার উপদেষ্টা শাহিনুর আলম বলেন, ‘মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমাদের সঠিক ইতিহাস জানতে হবে ও সবাইকে জানাতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঝিনাইদহ বন্ধুসভার সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক আল মাহমুদ জিহাদ, পাঠাগার ও পাঠচক্র সম্পাদক রোকাইয়া রহমান, কার্যনির্বাহী সদস্য শাবিবা হকসহ অনেকে।
মেহেদী হাসান, ঝিনাইদহ বন্ধুসভা