সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের পশ্চিম আটঘরিয়া গ্রাম। এ গ্রামের বাসিন্দাদের বেশির ভাগই ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। ১৬ অক্টোবর সকাল সাড়ে ৯টায় মাহাতো জনজাতির কুড়মালি ভাষার পাঠশালা প্রাঙ্গণে জড়ো হয় ৪০ জনের মতো শিশু–কিশোর।
প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘একটি ভালো কাজ’ কর্মসূচির আওতায় মাহাতো শিশু–কিশোরদের নিয়ে আনন্দ অনুষ্ঠানের আয়োজন করে রায়গঞ্জ বন্ধুসভা। সেখানেই তাদের আসা। এ সময় কুড়মালি ভাষার লেখক ও রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সভাপতি উজ্জ্বল কুমার মাহাতো বলেন, পিছিয়ে পড়া মাহাতো জনগোষ্ঠীর শিশু ও কিশোরদের নানা বিষয়ে আরও সচেতন করতে এই আয়োজন।
অনুষ্ঠানে শিশুশিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা ও মজার খেলার আয়োজন করা হয়। পরে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পাশাপাশি অংশগ্রহণকারী সব শিক্ষার্থীর মধ্যে শিক্ষা উপকরণ খাতা ও কলম বিতরণ করা হয়।
প্রতিযোগিতায় অংশ নিয়ে বিষমডাঙা গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ইতি রানী মাহাতো বলে, ‘এমন আয়োজন আমাদের অনেক কিছু শেখার সুযোগ করে দিয়েছে। সেই সঙ্গে অনেক আনন্দ করেছি।’
পশ্চিম আটঘরিয়া নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী আঁখি রানী মাহাতো বলে, ‘অনেক দিন পর এমন অনুষ্ঠানে যোগ দিতে পেরে খুবই ভালো লাগছে।’
সমাজকর্মী জাহিদুল ইসলাম আয়োজনের প্রশংসা করে বলেন, ‘পিছিয়ে পড়া মাহাতো জনগোষ্ঠীর শিশুদের নিয়ে প্রথম আলোর অনুষ্ঠানটি ভালো হয়েছে। আগামী দিনে বড় পরিসরে এ ধরনের আয়োজন করার জন্য আহ্বান জানাচ্ছি।’
জেলা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর প্রমীলা ফুটবল একাডেমির প্রশিক্ষক নীহার রঞ্জন মাহাতো বলেন, প্রথম আলো সব সময় পিছিয়ে পড়া মানুষের কল্যাণে কাজ করে। আজ এ আয়োজনও তেমনি।
রায়গঞ্জ বন্ধুসভার সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মিসাবের সভাপতি সৌরভ কুমার মাহাতো, রায়গঞ্জ বন্ধুসভার সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, বন্ধু সুমন পাল, দুর্জয় কুমার মাহাতো, প্রথম আলোর রায়গঞ্জ প্রতিনিধি সাজেদুল আলম প্রমুখ।